জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৭ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নির্মাণাধীন সরকারি আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। শুক্রবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর ও চানপুর আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন।
এসময় মন্ত্রী নিজে পুঙ্খানুপুঙ্খ ভাবে আশ্রায়ণ প্রকল্পের গুণগত মান দেখেন। তিনি একাই মই দিয়ে আশ্রায়ণের ঘরের উপরে উঠে লিন্টারের রড যাচাই করেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আশ্রয়ণ প্রকল্পের অনিয়মে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে বাংলাদেশের যে কোন জায়গায় দূর্ণীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, উনারা (বিএনপি নেতারা) মিথ্যা কথা বলতে অভ্যস্ত। বাংলাদেশের কোন ভাল হোক উনারা চান না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার যে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে এবং সেটা বাংলাদেশের জনগণের অর্থায়নে এটা উনাদের সহ্য হচ্ছে না। তাই উনারা অপপ্রচার করছেন। বাংলাদেশের জনগণকে অনুরোধ করবো তাদের অপপ্রচারে কান না দিতে।
আখাউড়া উপজেলায় ৭টি স্থানে নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্পের ১৪২টি ঘরের মধ্যে ৮৮টি ঘর নির্মাণে অনিয়ম পায় জেলা প্রশাসক শাহগীর আলম। গত ২৮শে এপ্রিল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক এসব অনিয়ম হাতেনাতে পান। এসময় তিনি ইউএনও, এসিল্যান্ড ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ভর্ৎসনা করেন। এরই প্রেক্ষিতে গত ২২ মে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক প্রজ্ঞাপনে আখাউড়ার ইউএনও রুমানা আক্তারকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আর সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বান্দরবানের থানচি উপজেলায় বদলি করা হয়।
Posted ৩:৩৫ পিএম | শুক্রবার, ২৭ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya