স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৬ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 9:39 pm
ব্রাহ্মণবাড়িয়ায় লিগ্যাল এইড কার্যালয়ে বিনামূল্যে আইনী সহায়তা নিতে আসা জনগনের জন্য মাতৃদুগ্ধ পান ও শিশু যত্ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ জুলাই) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫ম তলায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ের পাশে কেন্দ্রের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শারমিন নিগার।
এ সময় তিনি বলেন, মাতৃদুগ্ধদানকারী মায়েদের সুবিধার্থে এবং শিশুদের জন্য জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে যেই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে তা প্রশংসার দাবী রাখে। এই কেন্দ্রটির ফলে আইনী সহায়তা নিতে আসা জনসাধারণ অনেকটা স্বাচ্ছন্দ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
তিনি আরো বলেন, এ ধরণের উদ্যোগ অনুকরণীয়। প্রতিটি সেক্টরেই মা ও শিশুদের সুবিধার্থে এ ধরণের কেন্দ্র গড়ে তোলা উচিত। উদ্বোধনকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি, অতিরিক্ত জেলা জজ (২য় আদালত) মোহাম্মদ আবু ওবাইদা, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার রহিমা আলাউদ্দিন মুন্নি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তারসহ বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নান্দনিক শৈলিতে গড়ে তোলা মাতৃদুগ্ধ পান ও শিশু যত্ন কেন্দ্রে শিশুদের খেলাধূলা ও বিশ্রাম নেয়ার পাশাপাশি মায়েদের দুগ্ধ দানের জন্য সুব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রের সৌন্দর্য্য বর্ধনে অঙ্কন সহযোগিতায় ছিল শিশু একাডেমী ব্রাহ্মণবাড়িয়া।
Posted ৯:৩৯ পিএম | বুধবার, ০৬ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya