স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৮ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 8:52 pm
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনকে বদলী করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলী করা হয়েছে। এর আগে হেফাজতের তান্ডবের ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিমকে বদলী করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন,’ এই বদলী প্রচলিত প্রক্রিয়া। তাকে গাজীপুর হাইওয়ে পুলিশে বদলী করা হয়েছে। তিনি আরও ভাল জায়গায় গিয়েছেন’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন,’ তার এই বদলীর সাথে হেফাজতে ইসলামের তান্ডবের কোন বিষয় সংশ্লিষ্টতা নেই’।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানায় ভবনে হামলা ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। হামলার সময় থানার সামনে থাকা একাধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় সরাইল ও সদর মডেল থানায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
গত ২৬ থেকে ২৮ মার্চের হামলায় খাঁটিহাতা হাইওয়ে থানা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় নিহত হয় ১২জন।
Posted ৮:৫২ পিএম | বুধবার, ২৮ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya