স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:39 pm
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ওপর অভিমান করে জেসিয়া আক্তার বিথী (২২) নামের এক গৃহবধূর অতিরিক্ত ওষুধ খেয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিথী পৌরসভার গোকর্ণঘাট গ্রামের দক্ষিণ পাড়া এলাকার মো. আল-আমীন মিয়ার মেয়ে ও কান্দিপাড়ার রাসেল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের জুন মাসে জেলা শহরের কান্দিপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে রাসেল হকের সাথে জেসিয়া আক্তার বিথীকে ৫ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখের ছিলনা। এর জেরে সোমবার রাতে বিথী ঘরে থাকা বিভিন্ন ধরনের ঔষধ একসাথে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে রাতেই বিথীকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুরে গৃহবধূর লাশটি উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ৷ এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিথীর স্বামী রাসেল হককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
এদিকে বিথীর মা হেলেনা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে তার মেয়েকে যৌতুকের টাকার জন্য মারধোর করতো স্বামী রাসেল। অনেকবার যৌতুকের টাকাও দিয়েছি। আমার মেয়ে বিথী ঔষুধ খেয়ে আত্মহত্যা করেনি। গতকাল রাতে রাসেল তাকে মারধর করেন। পরে বিথীকে বিষপান করিয়ে হত্যা করে রাসেল। তিনি তার মেয়ে হত্যার সঠিক বিচার দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহরাব আল-হোসাইন জানান, কান্দিপাড়া থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Posted ৮:৩৯ পিএম | মঙ্গলবার, ২৪ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya