জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৪ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:27 am
ব্রাহ্মণবাড়িয়ায় সিজারিয়ান ডেলিভারির সময় এক শিশুর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ রোববার (১৩ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেছে ওই ভুক্তভোগী শিশুর পরিবার৷ গত ৭মার্চ রাতে জেলা শহরের কুমারশীল মোড়ে গ্রীণভিউ হাসপাতালে এই ঘটনাটি ঘটে। জন্মের পর নবজাতকটি ভাঙা হাত নিয়ে বিছানায় কাতরাচ্ছে।
সিভিল সার্জন অফিসে দেওয়া অভিযোগ ও শিশুটির পরিবার সূত্র জানা যায়, সদর উপজেলার সুহিলপুর গ্রামের সৌদি আরব প্রবাসী সাদ্দাম মিয়া ও সাবিনা ইয়াছমিন দম্পতির বিয়ের পর একটি ছেলে সন্তান হয়। পরবর্তীতে সাবিনা ইয়াসমিন আবার গর্ভবতী হন। গর্ভবতী হওয়ার পর তিনি জেলা শহরের জেল রোডের ইউনাইটেড হাসপাতালে গাইনী চিকিৎসক নুসরাত জাহানের কাছে নিয়মিত চেক আপে ছিলেন। গত ৭মার্চ বিকেলে সাবিনার প্রসব ব্যাথা উঠলে তাকে তাৎক্ষণিক জেলা শহরের কুমারশীল মোড়ে গ্রীণ ভিউ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে গাইনী চিকিৎসক তাসনুভা সাঈদ তাকে সিজারিয়ান অপারেশন করলে সাবিনা ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম দেন। নবজাতককে হাসপাতালের সেবিকারা ইয়াছমিনের মা পারভিন বেগমের কাছে দিতে গেলে তিনি শিশুটির বাম হাত ফুলা দেখতে পান। তখন এর কারণ জিজ্ঞাস করলে তারা বলেন, শিশুটির জন্মগত সমস্যা হয়েছে, তাকে হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু দেখে বলতে পারবেন। এরপর দিন ৮মার্চ শিশুটির কান্না না থামলে ডা. আবু হামেদ বাবু তাকে দেখে জানান, শিশুটির জন্মের সময় হাত পিছনে ছিল তাই দূর্বলতা থেকে এমন হচ্ছে। তারপর তিনি এক্স-রে করে জানান শিশুটির হাত ভাঙ্গা। এই ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় শিশুটির মামা মোস্তাকুল ইসলাম আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
শিশুটির নানী পারভীন বেগম বলেন, আমরা নিয়মিত যে চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়েছি তিনি শিশুটির সব কিছু নরমাল আছে বলে জানিয়েছেন। কিন্তু সিজারের পর শিশুটিকে আমাদের কাছে হাত ভাঙ্গা অবস্থায় দিয়েছেন। সিজার করা চিকিৎসক শিশুটিকে এরপর একটি বারের মতো দেখতে আসেননি।
শিশুটির মামা অভিযোগকারী মোস্তাকুল ইসলাম বলেন, তারা যখন বললেন শিশুটি পেটের ভেতরেই হাত পেছনে থাকায় ভেঙে গেছে, তখন আমি নিয়মিত চিকিৎসা করা ডাক্তার নুসরাত জাহানের কাছে বিস্তারিত জানাই। তিনি বলেছেন শিশুটির হাত পেছনে ছিল না। যদি শিশুটির হাত মায়ের পেটে ভেঙে থাকতো, তাহলে জীবিত জন্ম নিতো না।
এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত গাইনী চিকিৎসক তাসনুভা সাঈদ বলেন, শিশুটির হাত ভেঙে যায়নি, সে মায়ের পেটে হাত পেছনে ছিল। জন্ম হওয়ার পর তার হাত ঝুলছিল।
অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘আমরা শিশুটির পরিবারের লিখিত একটি অভিযোগ আজ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে, আসলে ঘটনাটি কি হয়েছিল’।
Posted ৯:৩৯ পিএম | সোমবার, ১৪ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya