স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 10:19 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষের জেরে প্রতিপক্ষের কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের মধ্যে একজন মামলা করেছেন। গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী হেনা বেগম বাদী হয়ে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মিজানুর রহমান ও তার পরিবােরের সদস্যরা বাড়িছাড়া হয়ে আছেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মহিউদ্দিননগর গ্রামের হান্নান মেম্বার ও খোরশেদ আলমের মধ্যে একটি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও চলমান রয়েছে। ওই মামলার জেরে গত রমজান মাসে খোরশেদ আলমের পক্ষের লোকজন হান্নান মেম্বারের লোকজনকে মারধর করায় মামলা দায়ের করা হয়। পরে ওই ঘটনাটি স্থানীয়ভাবে সালিশে মীমাংসা করা হলেও খোরশেদ আলমের পক্ষের লোকজন সালিশের রায় অমান্য করেন। এর জেরে গত ২৫ জুলাই সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের পর হান্নান নাম্বারের পক্ষের লোকজনের কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় খোরশেদ আলমের পক্ষের লোকজন।
মামলার বাদী হেনা বেগম জানান, সংঘর্ষের পর তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরে ফ্রিজে সংরক্ষিত কুরবানির গরুর মাংস, কসমেটিক সামগ্রী, আলমিরায় থাকা শাড়ি ও কাশ্মীরী শাল পর্যন্ত লুটে নিয়ে যায়। সংঘর্ষে আহতরা সুস্থ হয়ে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে থেকে আইসিইউতে আছে বলে অপ্রচার চালাচ্ছে। ঘটনার পর থেকেই তাদের হামলার ভয়ে আমরা বাড়িছাড়া। তিনি এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের পর থেকে মহিউদ্দিননগর গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:১৬ পিএম | বৃহস্পতিবার, ০৫ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya