স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৩ অগাস্ট ২০২১
সর্বশেষ আপডেট : 12:45 am
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত এক যুবকে মাদক নিরাময় কেন্দ্রে আনতে গিয়ে রাজিব পাল (৩৫) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। রোববার সন্ধ্যা জেলা শহরের কাজিপাড়ায় ধোপাবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজিব পাল নারায়ণগঞ্জ জেলার কেটি পালের ছেলে। এই ঘটনায় রাশেদ নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। নিহত রাজিব পাল ও রাশেদ জেলা শহরের ফুলবাড়িয়ার ‘প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টার’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রের কর্মী ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা শহরের কাজিপাড়ার সানু মিয়ার ছেলে রনি মাদকাসক্ত। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ। রনিকে সুস্থ করে তুলতে মাদক নিরাময় কেন্দ্র প্রয়াস রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে যোগাযোগ করে তার পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যা মাদক নিরাময় কেন্দ্রে লোকজন রনিকে ধরে চিকিৎসার জন্য নিয়ে যেতে আসলে সে ঘরের দরজা বন্ধ করে রাখে। একপর্যায়ে রনি দরজা খুলে মাদক নিরাময় কেন্দ্রের সদস্যদের উপর হাতে ছুরি নিয়ে হামলা করে। এতে নিরাময় কেন্দ্রের রাজিব পাল ও রাসেদ নামের দুইজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে রাজিব পালকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় রাশেদের চিকিৎসা চলছে হাসপাতালে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রনিকে গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
Posted ১২:১১ এএম | সোমবার, ২৩ অগাস্ট ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya