জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:08 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির সময় এক শিশুর হাত ভেঙে ফেলার অভিযোগের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের গড়িমসির অভিযোগ উঠেছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে গত ১৫ মার্চ এই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেওয়া হয়। এতে বলা হয়েছিল ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার। কিন্তু তদন্ত কমিটি গঠনের ৩৫দিন পেড়িয়ে গেলেও প্রতিবেদন দাখিল করেনি কমিটি।
সিভিল সার্জন অফিসে দেওয়া অভিযোগ ও শিশুটির পরিবার সূত্র জানা যায়, গত ৭ মার্চ সদর উপজেলার সুহিলপুর গ্রামের সৌদি আরব প্রবাসী সাদ্দাম মিয়ার স্ত্রী সাবিনা ইয়াছমিনের প্রসব ব্যাথা উঠলে জেলা শহরের কুমারশীল মোড়ে গ্রীণ ভিউ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। এরপর রাতে হাসপাতালে গাইনী চিকিৎসক তাসনুভা সাঈদ তাকে সিজারিয়ান অপারেশন করলে সাবিনা একটি পুত্র সন্তান জন্ম দেন। নবজাতককে পরিবারের সদস্যদের কাছে দেওয়া হলে তার বাম হাত ভাঙা দেখতে পান। বিষয়টি চিকিৎসক ও হাসপাতাল কর্তপক্ষকে জানালে তারা কোন কর্ণপাত করেননি। পরে শিশুটির মামা মোস্তাকুল ইসলাম গত ১৩ মার্চ জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দিলে সেখান থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে বলা হয় ৫ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করতে। গত ২০ মার্চ থেকে তদন্ত কমিটি তাদের কাজ শুরু করে। কিন্তু সিভিল সার্জন অফিসের আদেশের ৩৫দিন অতিবাহিত হলেও প্রতিবেদন দাখিল করেনি তদন্ত কমিটি।
অভিযোগকারি শিশুটির মামা মোস্তাকুল ইসলাম বলেন, জন্মের পর থেকে শিশুটি অসহ্য যন্ত্রণা সহ্য করে যাচ্ছে। মাঝে মাঝে তার কান্না থামাতে কষ্ট হয়। লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কমিটি গঠন হলো। আমাদের তদন্ত কমিটি ডেকে নিয়ে বক্তব্যও নিয়েছে দীর্ঘদিন হয়ে গেল। কিন্তু এর বিচার পব কিনা এ নিশ্চয়তা কে দিবে?
তদন্ত কমিটির প্রধান ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আকতার হোসেন বলেন, আমরা অভিযুক্ত চিকিৎসক, হাসপাতাল ও অভিযোগকারির বক্তব্য শুনেছি। তদন্ত ইতিমধ্যে আমরা শেষ করেছি। তদন্ত কমিটির সদস্য সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যস্ততার কারণে আমরা প্রতিবেদন তৈরি করতে মিলিত হতে পারছিনা। শীঘ্রই প্রতিবেদন দাখিল করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. একরামউল্লাহ বলেন, শিশুর হাত ভাঙার ঘটনায় তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দাখিল করেনি। তারা অতিরিক্ত সময়ের জন্য আবেদনও করেননি। আমাদের তিনদিন দেশব্যাপী টিকা প্রদান কার্যক্রম থাকায় অনেকেই ব্যস্ত ছিলেন, তাই হয়তো দিতে পারেননি।
Posted ৯:০৮ পিএম | বুধবার, ২০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya