স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 10:07 pm
মুসলমানদের ঈমান আক্বিদাহ বিনষ্ট করার উদ্দেশ্যে ঈদে মিলাদুন্নবীর দিনে জশনে জুলুস পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিনে কোনো অনাচার ও জশনে জুলুস করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম-ওলামারা। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরের জেলা শহরের পশ্চিম মেড্ডায় দারুল আরকাম মাদরাসায় সংবাদ সম্মেলন করে এ অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুবারক উল্লাহ বলেন, ‘আগামী ২০ অক্টোবর কতিপয় বিদাআত বিশ্বাসী লোকজন তথাকথিত জশনে জুলুস করতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ১৯৭৪ সালে পাকিস্তানের এক ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর নামে জশনে জুলুস আবিস্কার করেন। মুসলমানদের ঈমান আক্বিদাহ বিনষ্ট করার উদ্দেশ্যে এই জশনে জুলুস পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে’।
তিনি আরও বলেন, ‘জশনে জুলুস যেহেতু ইসলামের আলোকে শরীয়ত সম্মত নয়, তাই করোনাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস যেন কেউ না করতে পারে; সেজন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। জশনে জুলুসের নামে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার আলেমগণ ও তৌহিদী জনতা অপপরিকল্পনাকারীদের ব্যাপারে সোচ্চার আছেন’।
দারুল আরকাম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আলী আযম ও মুফতি এনামু্ল হাসান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৫ পিএম | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya