জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০২ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:48 pm
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের বাজারে অস্থিরতা চলছে। অনেক দোকানে মিলছে না নিত্যপ্রয়োজনীয় সয়াবিন তেল। এই অবস্থায় সোমবার (২ মে) দুপুরে শহরের জগতবাজার সহ কয়েকটি বাজারেজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে জগতবাজার ও আনন্দবাজারের দুটি দোকানের গোডাউনে মজুত করা ৪২০ লিটার তেল দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে সেই তেল ন্যায্যমূল্যে বাজারে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রির নির্দেশনা দেন তিনি। এর ফলে বাজার কমিটিকে সাথে নিয়ে ফ্রেশ ব্র্যান্ডের ডিলার সয়াবিন তেল খোলা বাজারে বিক্রয় শুরু করেন। এসময় ভোক্তারা লাইনে দাঁড়িয়ে তেল ক্রয় করেন। হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ ন্যায্য মূল্যে তেল কিনতে।
ব্রাহ্মণবাড়িয়ার জগৎ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন জানান, আমরা চাই না কোন ভোক্তা অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল ক্রয় করুক। ভোক্তাদের কথা চিন্তা করে আমরা ব্যবসায়ী সমিতি থেকে ন্যায্য মূল্যে তেল বিক্রয়ের উদ্যোগ নিয়েছি। এই বিষয়ে জেলা প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। আজকে দুই লিটার তেল ৪০০জনকে ও এক লিটার তেল ২০০ জনের কাছে বাজার মূল্যে বিক্রয় করা হয়েছে। বাজারে অসাধু ব্যবসায়ীদের প্রতিহত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ফ্রেশ ব্র্যান্ড তেলের ডিলার জনি জানান, ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে আমি বাজারের ব্যবসায়ী কমিটির ডাকে সারা দিয়েছি। আমি চাই ব্যবসায়ীরা তাদের ন্যায্য মূল্যে তেল বিক্রয় করুক।
লাইনে দাঁড়িয়ে সয়াবিন তেল নিতে আসা আব্দুস সামাদ নামের এক ব্যক্তি জানান, বাজারে সয়াবিন তেল খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক দোকানী উচ্চমূল্যে তেল বিক্রয় করছে। তারা প্রতি দুই লিটার ৪০০টাকা ও এক লিটার ২১০টাকা ধরে বিক্রয় করছেন। জগৎ বাজারে এসে দেখি ডিলার নিজেই খুচরা মূল্যে প্রতি লিটার ১৬০টাকা ধরে সয়াবিন তেল বিক্রয় করছেন। তাই প্রচন্ড ভীড়ের মাঝে আমি দুই লিটার তেল ৩১৮টাকা দিয়ে ক্রয় করতে পেরেছি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকে নির্দেশনায় আমরা অভিযান চালিয়েছি। এসময় যেসব ডিলার ও দোকানিরা গোডাউনে অতিরিক্ত তেল মজুত করে রেখেছেন- সেগুলো খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Posted ৯:৪৮ পিএম | সোমবার, ০২ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya