স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ সর্বশেষ আপডেট : ৯:৪৮ অপরাহ্ণ

সদ্য বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করেছে। ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬,২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ ও হরতাল চলাকালে ঢাকাসহ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও সহিংসতার মাধ্যমে তান্ডব চালানোর অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে ওলামায়ে ইসলাম,ব্রাহ্মনবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী কে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, প্রেসক্লাবসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এই ঘটনায় নিহত হয় ১২জন। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ০২ টি ও রেলওয়ে থানায় ১ টিসহ মোট ৫৬ টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামী করা হয়েছে।

Posted ৯:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মে ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর