স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ে বাড়িতে বরযাত্রীকে টক দই পরিবেশন করাকে কেন্দ্র করে মারধরে কন্যার বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৫০)। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বুধবার রাত ১০টার দিকে ওই এলাকায় এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমা’র সাথে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী আসতে দেড়ি হওয়ায় কন্যার বাবা তাদের খাবার আলাদা করে রাখেন। বরযাত্রী আসার পর তাদের খাবার পরিবেশন করা হয়। এসময় খাবারের টেবিলে বসা দুইজন বরযাত্রীর দই টক হওয়ার অভিযোগ করেন। এনিয়ে বর ও কন্যা পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিয়ে বাড়িতে থানা মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা করা হয়। ঘটনার পরদিন বুধবার (৬অক্টোবর) রাতে রাত ১০টার দিকে স্থানীয় বাজারে চা খেতে যান কন্যার বাবা ইকবাল হোসেন। সেখানে পাশের গ্রামের বর পক্ষের ৫/৭জন যুবকের সাথে টক দইয়ের বিষয়টি নিয়ে কন্যার বাবা ইকবাল হোসেনের বাকবিতণ্ডা হয়। এসময় বর পক্ষের লোকজন কন্যার বাবা ইকবাল হোসেনকে মারধর করে। এতে অসুস্থ হয়ে গেলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, কন্যার পিতা নিহতের খবরে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সকালে জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে।
Posted ২:৩০ পিএম | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya