নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৭ জুন ২০২৫
সর্বশেষ আপডেট : 9:27 pm
ফেরি থেকে অটোরিকশাসহ মেঘনায় পড়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর শাশুড়ি-পুত্রবধূর মৃহদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর ডুবুরীরা। শনিবার ভোররাত পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট পাড়ি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খালেদা বেগম (৫৫) ও ফারজানা বেগম (২২)। আড়াইহাজার খাগকান্ন্দা নৌ থানার ফাড়ি ইনচার্জ ইন্সপেকটর জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান বিকেল ৬টার অটোরিকশাটি উদ্ধার হয়েছে। ভেতরে দুই নারীর লাশ পাওয়া গেছে।
এর আগে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয় খালেদা বেগমের ছেলে কামাল হোসেনকে (১৯)। তিনি চিকিৎসাধীন। তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
নিহতের স্বজনরা জানান, নিহতরা সপরিবারে ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। তারা সিএনজিচালিত অটোরিকশা দিয়ে আজ বাড়ি ফিরছিলেন। পথে ফেরিতে ওঠার পর কিছুদূর আসার পর ঝাঁকুনি লেগে অটোরিকশাটি মেঘনা নদীতে পড়ে যায়। কামাল উঠতে পারলেও বাকী দুজন বের হতে পারেনি।’
প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার চালক কুদ্দুছ ও ফারজানার স্বামী সাগর মিয়া পাশে নেমে দাঁড়িয়ে ছিলেন। ভেতরে তিনজন বসা ছিলেন।
তাদের অভিযোগ, ফেরিটির পেছনে কোনো রেলিং বা সুরক্ষার ব্যবস্থা ছিল না। ফলে সামান্য ঝাঁকুনি লাগতেই কাত হয়ে অটোরিকশাটি যাত্রীসহ মেঘনা নদীতে পড়ে যায়। দীর্ঘদিন ধরে কড়িকান্দি-বিশনন্দী ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে।
Posted ৯:২৪ পিএম | শনিবার, ০৭ জুন ২০২৫
dainiksarod | Pijush Kanti Acharya