https://www.jac-recruitment.sg/?source=google.com

কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 7:45 pm

কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ববিরোধের জেরে আরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল উত্তরা ব্যাংকের কসবার গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে গোপীনাথপুর বাজারে আরিফুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন আলীহোসেন নামে এক ব্যক্তি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরাবর্তীতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই আজ দুপুরে মারা যান তিনি।
স্থানীয়দের ভাষ্যমতে, আরিফুল ইসলাম ও আলী হোসেন একই এলাকায় বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ঋণও নিয়েছিলেন। তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী হোসেন পলাতক রয়েছেন। ঋণ সংক্রান্ত কোনো বিরোধ থেকে ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৭:৪৫ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

dainiksarod |