স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 9:29 pm
“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। সভায় জেলা বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ আলী আহসান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বলেন, সড়ক দূর্ঘটনা রোধে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। পরিবহনের সাথে জড়িতরাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। তাই একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে পরিবহন ব্যবস্থা পরিচালনা করলে সড়কে প্রানহানি কমে আসবে।
তিনি আরো বলেন, অনেকেই রয়েছেন যারা ধারণ ক্ষমতার বাইরে পন্য পরিবহন করে থাকেন। এতে ওই পরিবহনটি যেমন দূর্ঘটনার কবলে পরে তেমনি প্রানহাণিও ঘটে থাকে। আবার অনেক যাত্রীবাহী পরিবহনের চালক রয়েছেন যারা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শারীরিক দুর্বলতা থাকা সত্বেও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছেন। একে প্রায়শই দূর্ঘটনা ঘটছে।
এছাড়াও তিনি বলেন, পরিবহন মালিক শ্রমিকদের অভিযোগ থাকে যে, প্রশাসন তাদেরকে হয়রাণি করে, আসলে তা নয় বরং প্রশাসন আপনাদের বিভিন্ন অনিয়মগুলো থেকে বিরত রাখতেই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।
তিনি বলেন, যাত্রীবাহী বাসগুলোর সেবার মান দিন দিন কমছে বলেই যাত্রী বিকল্প পরিবহনগুলোর দিকে ঝুঁকছে। তিনি জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ট্রাফিক আইন মেনে পরিবহন পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, জেলা ট্রাফিক ইন্সপেক্টর দেবব্রত কর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো. সাদেকুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি শেখ মো. মহসিন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. জসীম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মো. হানিফ, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, মো. আনিসুর রহমান প্রমূখ।
সভায় জেলা বাস-মিনিবাস, ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ বিআরটিএর কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও সংস্থা স্বনির্ভর এর নির্বাহী পরিচালক এসএম শাহীন।
Posted ৯:২৯ পিএম | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya