স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মে ২০২২
সর্বশেষ আপডেট : 10:34 am
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিল্লাল খন্দকার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলা সদরের তিলপাড়ায় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল উপজেলা সদরের ইউসুফ মিয়ার ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এই ঘটনায় নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমাল (৩০)কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে উপজেলা সদর থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে সাথে নিয়ে বিল্লাল মোটরসাইকেল যোগে তিলপাড়ায় যাচ্ছিলেন। তিলপাড়ার কাছাকাছি যাওয়ার পর তাদের মোটরসাইকেলটি একটি মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর রাত পৌনে একটার দিকে বিল্লাল খন্দকারকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তমাল’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
Posted ১০:৩৪ এএম | মঙ্গলবার, ৩১ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya