জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 7:00 pm
করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ শেষে ১২সেপ্টেম্বর রোববার থেকে দেশব্যাপী খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল খোলার একদিন আগে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে একটি স্কুলের নবনির্মিত ভবনের চিলেকোঠা ছাদ ধসে পড়েছে। শনিবার সকালে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ছাদের সম্পূর্ণ অংশটি ভেঙে যায়। পরে ঠিকাদারের লোকজন সকাল থেকেই তড়িঘড়ি করে ধসে পড়ার নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার উদ্যোগ নেয়।
নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার দাস অভিযোগ করে বলেন, কাউকে না জানিয়ে ঠিকাদার ভবনের ছাদ ঢালাই শুরু করেন। ঠিকাদার কাজের শুরু থেকেই কাজ নিয়ে তালবাহানা করে আসছিল। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও ঠিকাদার দেয়নি। স্কুল কর্তৃপক্ষের কাউকে না জানিয়ে ছাদ ঢালাই করার বিষয়ে উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছিল।কিন্তু কোন পদক্ষেপ নেয়নি।
জানা গেছে, নাসিরনগর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২০১৯-২০ অর্থবছরে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয়। একতলা থেকে তিনতলা করতে স্কুলটি নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় ৭০ লাখ টাকা। জমির-জুলিয়া ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণ কাজটি করছেন। গত দুই সপ্তাহ আগে স্কুল ভবণের ছাদের ঢালাই দেওয়া হয়।
ঠিকাদার মো. নিক্সন ইঞ্জিনিয়ার অফিসের কাউকে না জানিয়ে ছাদ ঢালাই করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ইঞ্জিনিয়ার অফিস থেকে ছাদটি ভেঙে নতুনভাবে করার জন্য একটি চিঠি দেয়া হয়েছিল।
বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা সহকারী উপজেলা প্রকৌশলী মো. ইসহাক মিয়া জানান, আমাদের না জানিয়ে ঠিকাদার ছাদের ঢালাই করে। পরে উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে ছাদ ভেঙে নতুনভাবে করার নির্দেশ প্রদান করে চিঠি দিয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ কার হলে তিনি জানান, আমি নতুন এসেছি। ছাদ ধসের বিষয়টি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ছাদটি ভেঙে নতুনভাবে করতে ঠিকাদারকে বলেছি।
Posted ৭:০০ পিএম | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya