জৈষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 6:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক সহ দুইজনকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম রাব্বি (৩৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের আদালতে তিনি এই জবানবন্দি দেন। এছাড়া পুলিশ রাব্বিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন করেছে।
গত রোববার ১৯ ডিসেম্বর রাতে ভারতে পালানোর সময় আশরাফুল ইসলাম রাব্বিকে জেলার কসবা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রাব্বি জেলা শহরের কাজিপাড়ার মুমিনুল ইসলামের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
আরও পড়ুনঃ নবীনগরের নাটঘরে জোড়া খুনের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি আটক
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, গ্রেফতারকৃত রাব্বি আদালতে জানায় সে হত্যাকাণ্ডের জড়িত ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কয়েকটি ভাগে অবস্থান করছিলেন। রাব্বি চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হকের মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় পর পর চারটি গুলি চালায় মামলার প্রধান আসামী নজরুল। রাব্বি আদালতে জানায়, হত্যায় ব্যবহৃত পিস্তল নজরুল সংগ্রহ করেছিল।
তিনি আরও জানান, রাব্বি’র কাছ থেকে আরও বিস্তারিত জানতে আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তীতে শুনানিতে আদালত রিমান্ডের বিষয়ে জানাবেন।
এই সংক্রান্ত আরও পড়ুনঃ নবীনগরে গুলিবিদ্ধ চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে দুই
এদিকে, বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গ্রেফতারকৃত রাব্বি’র কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে জানায়, ২০১৯ সালের ১লা এপ্রিল খুন হন এরশাদুল হকের চাচাতো ভাই সাইদুল্লাহ (৩০)। ওই খুনের ঘটনায় বাদি হন এরশাদুল হক। এতে একই গ্রামের বাসিন্দা আবু নাছির ও তার ছেলে নজরুল ইসলামসহ ২০জনকে আসামী করা হয়। আবু নাছির এবং এরশাদুলের বাড়ি পাশাপাশি। ওই হত্যা মামলা আপোষ করার কথা বলে আবু নাছিরের দলের কাছ থেকে ৮০ লক্ষ টাকা নেন এরশাদুল হক। ৮০ লক্ষ টাকা নিয়েও আপোষ না করে মামলা চালিয়ে যাওয়ায় এরশাদুলের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন আবু নাছিরের ছেলে নজরুল। এরই মাঝে নজরুলের বাবা আবু নাছিরকে ওই হত্যা মামলায় কারাগারে পাঠান আদালত।
আরও পড়ুনঃ নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ
মোল্লা মোহাম্মদ শাহীন আরও জানান, জেলা শহরের কাজিপাড়ার রাব্বি’র সঙ্গে নজরুলের পূর্বপরিচয় ছিল। গ্রেফতারের পর পুলিশের কাছে রাব্বি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, একটি ডাকাতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর গত ১ মাস ধরে তিনি নজরুলের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এই সুবাদে তারা এরশাদুলকে হত্যার পরিকল্পনা করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন (১৭ ডিসেম্বর) রাতে রাব্বি এবং নজরুল পৃথক দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান। প্রথমে এরশাদুলকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করেন রাব্বি। এরপর নজরুল তার মোটরসাইকেল থামিয়ে এরশাদুল ও বাদলকে লক্ষ্য করে গুলি করেন। এরপর রাব্বি ও নজরুল জেলা শহরে এসে আলাদা হয়ে পালিয়ে যান।
আরও পড়ুনঃ নবীনগরে গুলিতে নিহত সেই চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী-ভাই চান আ’লীগের মনোনয়ন
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডা. আবুল কাসেমের ছেলে ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকাকে গুলি করে হত্যা করা হয়।
Posted ১০:৪৭ পিএম | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya