স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 7:29 pm
আগামী ৩১জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি ভোট কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। সুষ্ঠ নির্বাচনের স্বার্থে জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ৫টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. কিবরিয়া। মঙ্গলবার (২৫ জানুয়ারি) তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত দাবি জানান। কিবরিয়া আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকে লড়ছেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে- ভদ্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিটঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
স্বতন্ত্র প্রার্থী কিবরিয়া তার লিখিত আবেদনে অভিযোগ করে বলেন, নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেদী জাফর (দস্তগীর) এর পক্ষে কতিপয় সন্ত্রাসী লোকজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমার সমর্থকদের মোবাইলফোনে ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকি দিচ্ছেন। এতে করে সাধারণ ভোটাররা আতংকে আছেন। এজন্য পাঁচটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কেন্দ্রগুলোতে ভোটের আগেরদিন থেকে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান কিবরিয়া।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, প্রার্থীর লিখিত আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ৭:২৯ পিএম | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya