স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 9:13 pm
খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে চালের চাহিদা না থাকলে চাল আমদানি করা হবে না। চালের চাহিদা থাকলে আমদানি করা হবে। চাহিদার সময় চাল আমদানি করা না হলে চালের দাম একশ টাকা কেজি হত। প্রয়োজন হলে আবার আমদানি হবে। প্রয়োজন না হলে আমদানি হবে না।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্প কাজের অগ্রগতি দেখতে এসে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় চাল আমদানি নিয়ে মন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষিকে যান্ত্রিকিকরণ করা হচ্ছে। কৃষকদের প্রনোদনার ব্যবস্থা করা হয়েছে। খাদ্যে ভর্তুকী দিচ্ছে সরকার। ২০২৫ সালের মধ্যে ৩৫ লাখ মেট্রিকটন খাদ্যশস্য ধারণ করে করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যার কারনে ইতোমধ্যে ৩০ টি পেরি সাইলো একনেকের বৈঠকে পাশ হয়েছে। বিভিন্ন জেলায় ৫টি সাইলো নির্মাণে টেন্ডারের জন্য কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী মিল মালিকরা খাদ্য গুদামে চাল সরবরাহ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ী ও মিলাররা সৎ না থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না।
আশুগঞ্জে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্প কাজের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, ৫৪০ কোটি ৪৫ লাখ, ৪৯ হাজার ২৬৪ টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২০ সালের ৩ এপ্রিল কাজ শেষ করার কথা থাকলেও করোনার প্রকোপের কারনে এবং নানান জটিলতার কারনে কাজের দেরি হচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। এর মধ্যে কাজ শেষ করতে পারবে কিনা তা দেখতেই আমরা পরিদর্শনে এসেছি। সময় বাড়ার কারনে ব্যয় বাড়বে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আরো ছয় মাস সময় বাড়লেও ব্যয় বাড়ার কোন সম্ভাবনা নাই।
এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, খাদ্য সচিব ড. নাজমানারা খানুম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:১৩ পিএম | মঙ্গলবার, ১৫ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya