জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 10:28 pm
ব্রাহ্মণবাড়িয়ায় আল আরাফাহ ইসলামি ব্যাংকের টাকা জমার রশিদে ভুয়া সিল মেরে প্রতারণার অভিযোগে রাহুল কর্মকর্তা (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আটক রাহুল জেলা শহরের কাজিপাড়ার প্রমানন্দ কর্মকারের ছেলে। এসময় তার কাছ থেকে জমা ও ট্রান্সফার সিল জব্দ করা হয়। তিনি এনআরবিসি ব্যাংকের সাবেক ক্যাশ কর্মকর্তা।
আল আরাফাহ ইসলামি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার এজেন্ট ব্যাংকিংয়ের ডেস্ক অফিসার শরিফুল হক জানান, বিকেলে গাজীপুর জেলার কাপাসিয়ার একটি এজেন্ট থেকে আমাকে কল দেওয়া হয়। এসময় বলা হয়, আল আরাফাহ ব্যাংকে ব্রাহ্মণবাড়িয়া শাখায় দুইটি বাউচারের মাধ্যমে ১০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। একটি রশিদে এক লাখ ও আরেকটি রশিদে ৯ লাখ টাকা জমা দেওয়া হয়। ওই এজেন্ট ব্যাংকিং থেকে ১০ লাখ টাকা জমা দেওয়ার কথা। তারা আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদেরকে টাকা জমা দেওয়ার দুটি রশিদ পাঠিয়েছে।
তিনি আরও বলেন, একথা জেনে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমি কম্পিউটারে দেখি এমন কোন টাকা জমা দেওয়া হয়নি। তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে কাপাসিয়ায় পাঠানো জমার রশিদ গুলো পাঠাতে বলি। কাপাসিয়া থেকে জমার রশিদ গুলো পাঠালে, তা দেখে সন্দেহ হয়। পরে কাপাসিয়ার ওই এজেন্ট কে বলি টাকা জমা দেওয়া ব্যক্তিকে রশিদ গুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শাখায় আসতে। সন্ধ্যার দিকে রাহুল নামের এক যুবক মসজিদ রোডে আল আরাফাহ ইসলামি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় জমার রশিদ নিয়ে হাজির হয়ে টাকা না ডুকার কারণ জিজ্ঞেস করেন। তখন আমরা যাচাই-বাছাই করে দেখি তার জমার রশিদে সিল গুলো ভুয়া। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সে জমার রশিদে ভুয়া সিল তৈরি করে ছাপ দেওয়ার কথা স্বীকার করেন।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান ভূইয়া জানান, রাহুল টাকা জমা না দিয়েই দুপুরে ব্যাংকে এসে হিসাব নম্বরে টাকা না ঢুকার কারণ জানতে চান। তিনি যে জমা রশিদটি দেখিয়েছেন, সেটিতে দেওয়া সিলটি নকল। রাহুল নিজেই সিল বানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দেবে। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:২৮ পিএম | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya