জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ সর্বশেষ আপডেট : ১০:৪৬ অপরাহ্ণ

চলতি বছরের নভেম্বর মাসের মাঝামাঝি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কার কাজ শেষে সম্পুর্ন রূপে চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী (পূর্ব) সুবক্তগীন। বৃহস্পতিবার হেফাজতে ইসলামের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চলমান সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় প্রধান প্রকৌশলী (পূর্ব) সুবক্তগীন জানান, ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ চলমান আছে। আমরা দ্রুত এই সংস্কার কাজ শেষ করতে চাই। কন্ট্রোল ও সিগনালের সংস্কার কাজ আরেকজন প্রকৌশলী দেখেন। এগুলোও সংস্কার শেষ হয়ে যাওয়ার কথা৷
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এখন যারা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চালুর জন্য মানববন্ধন করছেন, তখন তো একটি লোকও এগিয়ে আসেননি। মানববন্ধন কার বিরুদ্ধে করা হচ্ছে? আপনারা নষ্ট করবেন, আমরা ঠিক করে দিচ্ছি। এতে রেলওয়ের তো কোন দোষ ছিল না। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি রেলওয়ে স্টেশনটি দ্রুত চালু করতে।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এই ঘটনায় রেলের সিগনাল ব্যবস্থা, আসবাবপত্র, টিকেট কাউন্টার, কন্ট্রোল প্যানেলসহ ক্ষতিগ্রস্ত হয় রেলওয়ে স্টেশন। এর ফলে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। পরে একটি আন্তঃনগর ও ৪টি মেইল ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার হয়। এই স্টেশন দ্রুত সংস্কার ও পূর্বের ন্যায় সকল আন্তঃনগর ট্রেন দাঁড়ানোর দাবিতে আন্দোলন করে আসছে স্থানীয় সামাজিক সংগঠন গুলো।

Posted ৯:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর