জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 1:50 am
করোনা ভাইরাসের মহামারীতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে সোমবার সকাল থেকে। এই বিধিনিষেধের মধ্যে রয়েছে যান চলাচল, গণজমায়েত ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার নিষেধাজ্ঞা। কিন্তু এই বিধিনিষেধ উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক আনুষ্ঠানিক ভাবে গরুর বাজার উদ্বোধন করেছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর পশুর হাট উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল মাছুম, জিনোদপুর পশুর হাট পরিচালনা কমিটি’র সভাপতি সিরাজুল ইসলাম মেম্বার, সাধারণ সম্পাদক মনির মেম্বার, কোষাধ্যক্ষ আবুল বাশার মেম্বার, ছবির আহম্মেদ, সফিকুল ইসরাম সুক্কু মিয়া, জিনোদপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম মাঈনু সরকার, জিনদপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি খোরশিদ মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটি’র সদস্য আমির হোসেন সহ বাজারের ইজারাদার ও বিভিন্ন শ্রেণীর ক্রেতা বিক্রেতারা।
সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে গরুর বাজার ভাইস চেয়ারম্যান উদ্বোধন করা উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে।
এই বিষয়ে নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক বলেন, ‘গরুর হাট উদ্বোধনের জন্য আজকের তারিখ নির্ধারিত ছিল। স্বাস্থ্যবিধি মেনে দুপুরে হাটটি উদ্বোধন করা হয়েছে। ছোট পরিসরে অনুষ্ঠানটি করা হয়েছে’।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ‘সকাল থেকে বিধিনিষেধ পালনে পুলিশ তৎপর ছিল। আনুষ্ঠানিক ভাবে গরুর বাজার উদ্বোধন করতে নিষেধাজ্ঞা ছিল। পুলিশ সকাল থেকে সেখানে ছিল। আজকে থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল বাজার নিষেধ করা হয়েছে’।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিক বলেন,’উপজেলা ভাইস চেয়ারম্যান কোন বাজার উদ্বোধন করতে পারেন না। উনার সেই ক্ষমতা নেই। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি’।
রাফি/-
Posted ১:৫০ এএম | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya