ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 9:05 pm
ভিডিও বার্তায় ফের বিশ্বের কাছে সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমর জেলেনস্কি। এরমধ্যে সাহায্যের বিশেষ আবেদন জানান ইহুদিদের কাছে।
বুধবার ইউক্রেনে হামলা রাশিয়া আরো তীব্র করেছে। এরই মাঝে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমর জেলেনস্কি। এই বার্তায় তিনি একাধিক বিষয়ে কথা বলেছেন।
জেলেনস্কি নিজে ইহুদি। এদিন তিনি বলেছেন, নাৎসি আক্রমণের সময় ওই অঞ্চলে ৩৩ হাজার ইহুদিকে হত্যা করা হয়েছিল। তাদের স্মরণ করেই ওই মেমোরিয়াল তৈরি হয়েছিল। মৃতদের কবর দেওয়া হয়েছিল ওখানে। গোটা বিশ্ব তখন জানিয়েছিল, আর কোনোদিন এমন বর্বর আক্রমণ হবে না। কিন্তু রাশিয়া হলোকস্ট মেমোরিয়ালে আক্রমণ চালিয়ে ফের একই কাজ করল। এরপরেই গোটা বিশ্বের ইহুদিদের কাছে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানান জেলেনস্কি। তিনি বলেছেন, এতদিন বিশ্বের শক্তিশালী দেশগুলি ইউক্রেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু লড়াইয়ে ইউক্রেন ক্রমশ একা হয়ে পড়ছে।
জেলেনস্কি দাবি করে বলেন, এখনো পর্যন্ত ছয় হাজার রাশিয়ার সেনা ইউক্রেনে নিহত হয়েছেন। জেলেনস্কির এই দাবির পরেই রাশিয়া প্রথম তাদের নিহত এবং আহত সেনার সংখ্যা প্রকাশ করে। রাশিয়ার দাবি ৪৯৮ জন রাশিয়ার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৫৯৭ জন। জেলেনস্কির বক্তব্যকে ভুল তথ্য বলে ব্যাখ্যা করেছে রাশিয়া।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া বিশ্বের মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলতে চাইছে। মুছে ফেলতে চাইছে ইউক্রেনের ইতিহাস, সংস্কৃতি সবকিছু। কিন্তু কেবল বোমা ফেলে আর রকেট ছুঁড়ে ইউক্রেনকে মুছে ফেলা যাবে না। প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়ার সেনা জানেই না ইউক্রেনের ইতিহাস। তাদের কাছে কিভ বিদেশ। সেজন্যই তারা হলোকস্টের মেমোরিয়ালে আক্রমণ চালায়।
সূত্র: ডয়চে ভেলে
Posted ৯:০৪ পিএম | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya