জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৩ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 11:11 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেনের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মাঝে টাকা চাওয়ার পর এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিকাশ করে ৪০ হাজার টাকা পাঠিয়েও দিয়েছেন। এ ঘটনায় রোববার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিষয়টি জানিয়ে রোববার দুপুরে ইউএনও ইয়ামিন হোসেন “উপজেলা প্রশাসন সদর” নামের ফেসবুক পেইজ থেকে সতর্কতা করে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন।
এতে বলা হয়, “উপজেলা নির্বাহী অফিসার” ব্রাহ্মণবাড়িয়া সদর এর মোবাইল নম্বর (০১৭৮২৮৩৬৩৬) ক্লোন হয়েছে। জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তির কাছে ক্লোন করা নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হচ্ছে। কাউকে কোনো অর্থ না দেয়ার জন্য অনুরোধ করা হলো।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বেলা সোয়া ১১টা থেকে বেলা দুইটার মধ্যে সদর উপজেলার রামরাইল, সাদেকপুর, সুহিলপুর ও মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে ইউএনও’র ক্লোন করা নম্বর থেকে ফোন করে বিভিন্ন প্রকল্পের জন্য টাকা দিতে বলা হয়। এরই মধ্যে রামরাইলের ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সেলিম দুইটি বিকাশ নাম্বারে ৪০ হাজার টাকা পাঠান। পরে তিনিসহ বাকি জনপ্রতিনিধিরা বিষয়টি ইউএনওকে জানান।
এ ব্যাপারে সদর উপজেলার রামরাইল ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সেলিম বলেন, ইউএনও স্যারের নম্বর থেকে বেলা ১১টার দিকে আমাকে ফোন করে একটি অনুষ্ঠানের কথা বলে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে আমি বেলা ১১টা ১৮মিনিটে বিকাশের একটি নাম্বারে ১০হাজার আরেকটি নম্বরে ৩০হাজার টাকা পাঠাই। পরে আবার ফোন করে ১ লাখ টাকা চায়। এতে আমার সন্দেহ হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলায় ইউএনও স্যার অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। তখন আমরা অংশগ্রহণ করি।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন সাংবাদিকদের বলেন, “রোববার দুপুরে ক্লোন করা নম্বর থেকে রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সেলিমের কাছে আমার নাম করে ৪০ হাজার টাকা চায়। ইউপি চেয়ারম্যান বিকাশের মাধ্যমে ৪০হাজার টাকা পাঠিয়েও দেন। তিনি বলেন, এছাড়াও সদর উপজেলার মজলিশপুর, সাদেকপুর ও সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও ফোন করে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দেয়ার কথা বলা হয়।’
তিনি বলেন, এ ঘটনায় আমি বিব্রত। আমার নম্বর ক্লোন করে কলগুলো করা হয়েছে বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকতে বলেছি। এর আগেও আমার নম্বরটি ক্লোন করা হয়েছিল। এ বিষয়ে সদর মডেল থানায় একটি জিডি করেছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঘটনাটি আমরা জেনেছি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Posted ১১:১১ পিএম | রবিবার, ০৩ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya