জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 5:40 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও তিন সন্তানের মৃত্যুর ঘটনায় ২৪লাখ টাকায় রফাদফা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে (১১ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছফিউল্লাহ মিয়ার নেতৃত্বে এই ঘটনায় রফাদফা হয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের শরিয়তনগরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন স্কুল শিক্ষক মকবুল মিয়া।চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে রান্নাঘরে কয়েল জ্বালাতে যায় মকবুল-রেখা দম্পতির শিশু ছেলে আরিফ হোসেন। দিয়াশলাই জ্বালাতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের হাত থেকে আরিফকে বাঁচাতে এগিয়ে যান তার মা, বাবা ও ছোট ভাই জোবায়ের হোসেন। কিন্তু অগ্নিকাণ্ডের কারণে ঘরের বিদ্যুৎ চলে যায়। এতে অন্ধকারে তাঁরা বাইরে যেতে পারেননি। ভেতরেই সবাই দগ্ধ হন। ঘটনাস্থলেই জোবায়ের মারা যায়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
চিকিৎসাধীন অবস্থায় একে একে মকবুল মিয়া (৪২), বড় ছেলে আরিফ হোসেন ও মকবুলের স্ত্রী রেখা মারা যান। এর আগে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে রেখা একটি মৃত সন্তান প্রসব করেন।
এই ঘটনার ৫দিন পর গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকে প্রধানসহ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। পরে গত ২মার্চ বেলা ভবনের মালিকসহ পাঁচজনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি মামলা করেন মকবুলের মা খোরশেদা বেগম। মামলায় ভবনের আলাই মিয়া মোল্লা (৬০), তাঁর স্ত্রী, দুই ছেলে ও বাড়ির দারোয়াকে আসামী করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনাটি অবশেষে ২৪ লাখ টাকা জরিমানা করে আপোষ করলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজি শফিউল্লাহ মিয়া। সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছফিউল্লাহ মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ বাজারে তার কার্যালয়ে এঘটনায় সালিশ হয়।
সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, জেলা কাজী সমিতির সভাপতি মোল্লা, মকবুলের মা খোরশেদা বেগম ও শ্বশুর খোরশেদ আলম, ভবন মালিক অআলাই মিয়া মোল্লাসহ অনেকেই উপস্থতি ছিলেন। সালিশে মৃত্যুর ঘটনায় ভবন মালিক আলাই মোল্লাকে ২৪লাখ টাকা জরিমানা করে আপোষ করা হয়।
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ছফিউল্লাহ মিয়া বলেন, ২৪লাখ টাকায় আপোষ করা হয়েছে। মকবুলের অনেক টাকা ঋণ আছে। নিহতের স্বজনরাসহ উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই ঘটনায় দায়ের করা মামলার বাদী মকবুলের স্ত্রী রেখার বাবা খোরশেদ আলম জানান, শালিসি সভায় আপোষ হওয়ার পর আমাদের কাছ থেকে আপোষনামায় সাক্ষর রাখা হয়েছে। সেখানে মকবুলের ভাইও সাক্ষর করেছেন। আগামী ২০ এপ্রিল অভিযুক্তরা আওয়ামী লীগের আহবায়কের কাছে টাকা দিবেন। আমরা আবার ২১ এপ্রিল নেতার অফিসে যাব। জরিমানা করা ২৪ লাখ টাকা মকবুলের পরিবার ও আমরা অর্ধেক করে পাব।
তবে মামলার প্রধান আসামী এলাই মিয়া মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস বলেন, ‘কে আপোষ করছে তা আমার জানা নেই। এঘটনায় মামলা হয়েছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম। তারা তাদের প্রতিবেদন দাখিল করেছে। এখনই তদন্ত রিপোর্ট প্রকাশ করছি না। আদালত চাইলে তা আমরা জমা দিব।’
এই বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, অগিদগ্ধ হয়ে মৃত্যুর আলোচিত ঘটনায় আমাদেরকে আপোষ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সাফ জানিয়ে দিয়েছি, মামলা আইন অনুযায়ী চলবে। আপোষের সুযোগ নেই। তারা যদি নিজেরা বসে আপোষ করতে যাচ্ছে এমন ইঙ্গিত দিয়েছিল।
Posted ৫:৪০ পিএম | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya