ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
সর্বশেষ আপডেট : 9:12 pm
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ আগস্ট) এক সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সব দলের মতামত আমলে নিয়েই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
সুনির্দিষ্টভাবে কতটি আসনে ইভিএম ব্যবহার করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, সর্বোচ্চ ১৫০টি এবং সর্বনিম্ন ১টি আসনে ইভিএম ব্যবহার হতে পারে।
এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আমরা দেড়শ আসনে বলিনি, বলেছি সর্বোচ্চ দেড়শ আসনে হবে। এক্ষেত্রে আরও ইভিএম কিনতে হবে। কেনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, কমিশন সিদ্ধান্ত হলে আমার কেনার প্রক্রিয়ায় যাবো।
অন্য এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, কমিশন দলগুলোর সুপারিশ আমলে নিয়েই সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু বিচার, বিশ্লেষণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। এ দিয়ে ৭০ থেকে ৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আমাদের আরও ইভিএম লাগবে। এখন থেকে আমরা কেনার উদ্যোগ নেবো।
উল্লেখ্য, সংলাপে অংশ নেওয়া জাতীয় পার্টিসহ ১৫টি রাজনৈতিক দল এ মেশিন ব্যবহারের বিরোধিতা করেছে। সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ এমন ৯টি দলও এ মেশিনে ভোটগ্রহণের বিরোধিতা করে আসছে। তবে আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল ইভিএম ব্যবহারের পক্ষে মত দেয়।
Posted ৯:১২ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya