স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 10:47 pm
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর জানিয়েছেন, দেশের অন্যতম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এক ভবনেই সব ধরনের সেবা পাওয়া যাবে। এজন্য যাত্রী ছাউনিসহ একাধিক স্থাপনা নির্মাণে ব্যয় হবে ১০৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্থলবন্দরের চেয়ারম্যান পরিদর্শন শেষে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে বন্দর সংশ্লিষ্টদের বৈঠকে তিনি যোগ দেবেন বলে জানা গেছে।
এসময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর বলেন, বেনাপোল স্থলবন্দরের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা যেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এদিকে চলাচল করতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আখাউড়া স্থলবন্দরকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে ২১৭ কোটি টাকার অর্থায়ন পেয়েছি। এর মধ্যে আখাউড়া স্থলবন্দরে ১০৫ কোটি টাকা ব্যয় করব।
তিনি আরও বলেন, নতুন যে স্থলবন্দরগুলো হচ্ছে সেগুলার মতো এখানেও মাল্টি এজেন্সি সার্ভিস সেন্টার তৈরি করা হবে। যেখানে একই ভবনের ভেতরে সব সুবিধা পাবেন যাত্রীরা।
এর আগে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বন্দরে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
Posted ১০:৪৭ পিএম | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya