ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 10:01 pm
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বেশকিছু অনলাইন নিউজ পোর্টাল বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এসব পোর্টালের বিরুদ্ধে অসত্য নিউজ পরিবেশনা, গুজব রটানো এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হলে তিনি এই তথ্য সংসদে জানান।
এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৭৯টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া অসত্য নিউজ পরিবেশনা, গুজব রটানো এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরও বেশকিছু অনলাইন নিউজ পোর্টাল বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে ঢাকা জেলা হতে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা এক হাজার ১২৬টি। এর মধ্যে দৈনিক পত্রিকা ৪৯৯টি, সাপ্তাহিক ৩৪৫টি ও মাসিক ২৮২টি পত্রিকা প্রকাশিত হচ্ছে।
Posted ১০:০১ পিএম | মঙ্গলবার, ১৪ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya