জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 8:43 pm
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বহুতল ভবনে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে জেলা শহরের পীরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অবৈধ লাইনের কাজ করা গ্যাস ঠিকাদার আবুল বাশার ও তার ছেলে ফয়সাল।
আটককৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের বাব্দুল বাসেরের ছেলে আবুল কালাম (৩৯) ও একই এলাকার আবু তাহেরের ছেলে লতিফ (৪০), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মৃত মুস্তু মিয়ার ছেলে ইলু মিয়া (৬৫), একই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে উজ্জ্বল (২৭) ও ইয়াকুব আলীর ছেলে কাউসার (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শাহ আলম পীরবাড়ি এলাকায় একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। তিনি প্রবাসে থাকায় বাড়িটির রক্ষণাবেক্ষণ করেন তার শ্বশুর আবুল কালাম। বহুতল এই বাড়িটিতে কোন গ্যাস সংযোগ ছিল না। সরকারি ভাবে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ রয়েছে। শুক্রবার গভীর রাতে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার সময় খবর পেয়ে ভবন মালিক প্রবাসী শাহ আলমের শ্বশুর আবুল কালামসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক বাড়ির মালিক প্রবাসী শাহ আলমের শ্বশুর আবুল কালাম দৈনিক সরোদ’কে জানান, ‘নতুন বাড়িতে গ্যাস সংযোগ নেই। তাই গ্যাস ঠিকাদার ফয়সাল ও তার বাবা আবুল বাশার ৫ লাখ টাকা চুক্তিতে এই গ্যাস লাইন সংযোগ দিচ্ছিলেন। এরই মাঝে পুলিশ শ্রমিকদের সহ আমাকে আটক করে থানায় নিয়ে আসে’।
এবিষয়ে অভিযুক্ত গ্যাস ঠিকাদার আবুল বাশার বলেন, আমি অবৈধ গ্যাস লাইন সংযোগের বিষয়ে জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা বলা হচ্ছে।
ঘটনাস্থলে অভিযানে যাওয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) লেবু মিয়া বলেন, ঘটনাস্থল থেকে ভবণের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি ও শ্রমিক সহ ৫জনকে আটক করা হয়। এসময় গ্যাস সংযোগের জন্য আনা পাইপ ও নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৮:৪৩ পিএম | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya