ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 8:19 pm
সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১৫জনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন আলোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। ওয়াজ মাহফিলের আয়োজনের নামে মিথ্যা প্রচারণা ও সম্মানহানির অভিযোগে তিনি এই মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী অভিযোগ করেন, কোনো রকম যোগাযোগ না করেই গত ২২ শে মার্চ তারিখে সিলেটের বালাগঞ্জ উপজেলার পৈলনপুরে ইসলামি সুন্নি মহাসম্মেলনে হাজির থাকার কথা উল্লেখ করে প্রচারণা চালায় আয়োজক কমিটি। মাহফিলের পোস্টারে তার নাম ছাপানো হয়। মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তাহেরীর পিএস দাবিদার এক ব্যক্তিকে মাহফিল কমিটি ৩৩ হাজার টাকা দিয়েছে বলে দাবি করে ওই কমিটি, যাকে তাহেরী নিজেও চেনেন না।
তাহেরী আরও জানান, এরপর ফেসবুক ইউটিউবে তার নামে নানারকম অপপ্রচার ও কুৎসা রটনা করা হয়। তার বিরুদ্ধে জুতা মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় আয়োজক কমিটি। এ সময় সিলেটে তাকে অবাঞ্চিত ঘোষণা করে তারা। এতে দেশে-বিদেশে তার মান সম্মান ক্ষুণ্ন হয়েছে।
মামলাটি তদন্তপূর্বক দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তা গিয়াসউদ্দিন আত তাহেরী। আদালত মামলা আমলে নিয়েছেন। আগামী ৩১ মার্চ এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানান।
সূত্র- যমুনা টিভি
Posted ৮:১৯ পিএম | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya