ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 8:39 pm
ভারত সরকার উৎপাদন ও মজুতের ঘাটতির কারণে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নীতিনির্ধারণ বিষয়ক মুখপাত্র সীতাশু কর বলেন, ‘রফতানি নীতির সংশোধন করে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরনের পেঁয়াজ রফতানিতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’
বন্যায় ভারতের বিভিন্ন অংশ প্লাবিত হওয়ায় চলতি বছরে মৌসুমি পেঁয়াজ উৎপাদনে ঘাটতি দেখা দেয়। তাই এ বছর ভারতের বাজারেও পেঁয়াজের মূল্য বেশ চড়া ছিল। পরিস্থিতি সামাল দিতে অবশেষে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে তা রফতানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করলো দেশটির কেন্দ্রীয় সরকার।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া ছিল। রাজধানীর দিল্লি, মুম্বাই, লখনৌয়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যদিকে কলকাতায় ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
পরিস্থিতি সামাল দিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কম দামে সরকারিভাবে পেঁয়াজ বিক্রির কথা ঘোষণা করেন। শুক্রবার তিনি জানান, রাজ্য সরকার ২৩.৯০ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রির করবে। এরপরই শহরটির বিভিন্ন স্থানে মোবাইল ভ্যানে করে সরকারি উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু হয়।
কিন্তু ভারতের বাঁকি অংশে পেঁয়াজের দাম ধরা ছোঁয়ার বাইরে পৌঁছে যাওয়ায়, সর্বস্তরে পরিস্থিতি সামাল দিতেই দেশটির কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রফতানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করলো বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
Posted ৮:৩৯ পিএম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya