ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১২ জুলাই ২০১৯
সর্বশেষ আপডেট : 11:35 am
সেমি-ফাইনাল থেকে বিদায় ভারত ও অস্ট্রেলিয়া। এর আগে দুই দলেরই রয়েছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা। দল দুটিকে হটিয়ে এবারের আসরে ফাইনালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তাদের মধ্যকার ফাইনাল লড়াই দিয়ে একদিনের ক্রিকেটে এবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব।
আগামী রোববার ঐতিহাসিক লর্ডসে মেগা ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফেভারিট হিসেবেই এবারের বিশ্বকাপে অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপের ডার্ক হর্স ছিল ব্ল্যাক ক্যাপসরা।
১৯৭৫ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপে এবার নিয়ে মোট চারবার বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠল ইংল্যান্ড। এর আগে তিনবার (১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২) ফাইনাল খেলে তিনবারই রানার্স হয়েই থাকতে হয়েছে ব্রিটিশদের। এবার একদিনের ক্রিকেটে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে ইয়ন মর্গানদের সামনে।
অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠে কিউইরা। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়েই থাকতে হয় তাদের। এবার শক্তিশালী ভারতকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। প্রথমবার বিশ্বজয়ের হাতছানি তাদের সামনেও।
Posted ১১:৩৫ এএম | শুক্রবার, ১২ জুলাই ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya