অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 6:45 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, ওষুধ বিতরণে অস্বচ্ছতা এবং প্যাথলজি বিভাগে টেস্ট কিটের হিসাবে গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের একটি বড় অংশ নিয়মিত এবং পূর্ণসময় হাসপাতালে দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে প্রায় ৭০ শতাংশ চিকিৎসকের যথাযথভাবে দায়িত্ব পালন না করার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থাতেও অনিয়ম এবং হাসপাতালের ফার্মেসি থেকে রোগীদের মাঝে ওষুধ বিতরণের স্লিপে সংশ্লিষ্ট চিকিৎসকের সিল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ না থাকারও প্রমাণ পেয়েছে আভিযানিক দল। পাশাপাশি প্যাথলজি বিভাগে মজুত ও ব্যবহৃত টেস্ট কীটের হিসাবেও গরমিল রয়েছে। নথিপত্র অনুযায়ী ১২৫০টি কীট মজুত থাকার কথা থাকলেও মাত্র ৩৪৮টি পাওয়া গেছে। এসব বিষয়ে দুদকের কাছে সন্তোষজনক জবাব দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. এমরান হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে প্রাপ্ত অনিয়ম ও অসঙ্গতিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Posted ৬:৪৪ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya