শিরোনাম
সদর হাসপাতালে দুদকের ৫ ঘণ্টার অভিযানে প্রমাণ মিলেছে নানা অনিয়মের যুবলীগ নেতা মহসিন খন্দকার ঢাকায় গ্রেপ্তার বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার এপ্রিলে ঢাকায় আসছেন শাকিরা! ইউরোপে পরিবর্তন আনতে পারে স্পেনের জাতীয় নির্বাচন? ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া

বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:48 am

বরাদ্দের অপেক্ষায় আটকে গ্রামীণ উন্নয়ন, বরাদ্দ নেই টিআর-কাবিখা-কাবিটার

অর্থবছরের শুরুতে বরাদ্দ পাওয়ার কথা থাকলেও নভেম্বর শেষ হতে চলেছে, এখনো মেলেনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের গুরুত্বপূর্ণ তিন কর্মসূচি টিআর, কাবিখা ও কাবিটার সাধারণ বরাদ্দ। ফলে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামাঞ্চলে রাস্তা নির্মাণ, মেরামত ও সংস্কারের শত শত সম্ভাব্য প্রকল্প নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বরাদ্দ না আসায় কোথাও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, কোথাও কবরস্থানে যাওয়ার পথ, আবার কোথাও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল হয়ে পড়েছে দুর্ভোগের।

নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল গ্রামের দুটি কাঁচা রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। একটি রাস্তা দিয়ে পূর্বপাড়া, মধ্যপাড়া ও মোল্লাপাড়ার শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। অন্য রাস্তাটি দিয়ে গ্রামের কবরস্থানে যেতে হয়। পাশাপাশি এই পথ ব্যবহার করে গ্রামের প্রায় দেড় হাজার মানুষ মুরাদনগরের হাটখোলা বাজারে যাতায়াত করেন। বর্ষায় কাদাপানি আর সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো।
স্থানীয়দের অভিযোগ, পাঁচ-ছয় বছর ধরে রাস্তাগুলোর দুরবস্থা চললেও কার্যকর সংস্কার হয়নি। গত বছর বরাদ্দ কম থাকায় কাজ করা সম্ভব হয়নি। এবারও সরকারি বরাদ্দ না আসায় সংস্কারের আশা অনিশ্চিত হয়ে পড়েছে।
রতনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘পাঁচ-ছয় বছর ধরে রাস্তা দুটি দিয়ে মানুষ ঠিকমতো চলাচল করতে পারছেন না। গত বছর বরাদ্দ কম আসায় কাজ করা যায়নি। এবার খোঁজ নিয়ে জেনেছি, এখনো সাধারণ বরাদ্দ আসেনি।’
শুধু বাউচাইল নয়, জেলার নয়টি উপজেলার গ্রামীণ জনপদেই একই পরিস্থিতি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত টিআর, কাবিখা ও কাবিটার সাধারণ খাতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। অথচ সাধারণত অর্থবছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে এসব কর্মসূচির বরাদ্দ আসে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বরাদ্দের বিপরীতে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু ও সম্পন্ন করার তৎপরতা থাকে। এবার বরাদ্দ না আসায় কাজের মৌসুমও হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিখা ও কাবিটা) মূলত গ্রাম পর্যায়ে ছোট ছোট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হয়। এসব কর্মসূচির আওতায় ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে রাস্তা মেরামত, নির্মাণ, সিসি ঢালাইসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা হয়। কাবিখা কর্মসূচিতে খাদ্যশস্য এবং কাবিটায় অর্থ বরাদ্দ দেওয়া হয়। টিআর কর্মসূচির আওতায়ও বিভিন্ন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ হয়।
নবীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে সাধারণ বরাদ্দের আওতায় প্রায় ২০০ থেকে ২৫০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। বাঞ্ছারামপুর উপজেলায় গত অর্থবছরে কাবিটা খাতে ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৬৪৯ টাকা এবং কাবিখা খাতে ৬৪ মেট্রিক টন করে চাল ও গম বরাদ্দ দেওয়া হয়েছিল। একই সময়ে টিআর কর্মসূচিতে বরাদ্দ ছিল ৭৮ লাখ ৫৫ হাজার ৫২৬ টাকা। কিন্তু চলতি অর্থবছরে এখন পর্যন্ত সাধারণ খাতে বরাদ্দের পরিমাণ শূন্য।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাতেও একই চিত্র। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত সংসদ নির্বাচনের পর থেকে উপজেলা পরিষদের সাধারণ খাতে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ সময়ে অন্তত দুই থেকে তিন দফা বরাদ্দ পাওয়ার কথা ছিল। এর মধ্যে বৃষ্টি ও জলাবদ্ধতায় গ্রামের অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার অন্যান্য উপজেলায় খোঁজ নিয়েও একই ধরনের তথ্য পাওয়া গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় টিআর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলায় মোট প্রায় ১২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
এর মধ্যে নবীনগরে ২ কোটি ২৪ লাখ ৬১ হাজার ৭৫৬ টাকা, নাসিরনগরে ২ কোটি ৭১ হাজার ৪৩৪ টাকা, ব্রাহ্মণবাড়িয়া সদরে ১ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৪৩ টাকা, কসবায় ১ কোটি ৯১ লাখ ১ হাজার ৯১৪ টাকা, সরাইলে ১ কোটি ৩৮ লাখ ১০ হাজার ৪২৭ টাকা, বিজয়নগরে ১ কোটি ৩৭ লাখ ৮২১ টাকা, আশুগঞ্জে ৬৫ লাখ ৯৯ হাজার ১৩০ টাকা, বাঞ্ছারামপুরে ৭৮ লাখ ৫৫ হাজার ৫২৬ টাকা এবং আখাউড়ায় ৫৫ লাখ ১১ হাজার ৬৯৮ টাকা বরাদ্দ ছিল।
একই অর্থবছরে কাবিখা-কাবিটা কর্মসূচির আওতায় জেলায় অর্থ ও খাদ্যশস্য মিলিয়ে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়। কাবিটা খাতে নয়টি উপজেলায় মোট প্রায় ১৪ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ ছিল। পাশাপাশি কাবিখা খাতে উপজেলাভেদে ৪০ থেকে ১৬০ মেট্রিক টন করে চাল ও গম দেওয়া হয়েছিল।
গত অর্থবছরে এত বিপুলসংখ্যক প্রকল্প বাস্তবায়নের সুযোগ থাকলেও চলতি অর্থবছরে সাধারণ বরাদ্দ না আসায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন জনপ্রতিনিধিরা। বিশেষ করে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করা না গেলে আগামী বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়তে পারে।
এদিকে শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয়, সারা দেশেই এবার টিআর, কাবিখা ও কাবিটার সাধারণ বরাদ্দ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বরাদ্দ না আসার কারণ সম্পর্কে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার মো. ফেরদৌস আলম বলেন, ‘এখনো আমরা সাধারণ বরাদ্দ পাইনি।’
কেন এবার নির্ধারিত সময়ে বরাদ্দ দেওয়া হচ্ছে না, কবে নাগাদ বরাদ্দ পাওয়া যেতে পারে এবং চলতি অর্থবছরে আদৌ এসব কর্মসূচির সাধারণ বরাদ্দ দেওয়া হবে কি না—এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর মিলছে না সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে। ফলে অর্থবছরের গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে গেলেও অনিশ্চয়তায় পড়ে আছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা। আর এর সরাসরি প্রভাব পড়ছে গ্রামের সাধারণ মানুষের চলাচল, শিক্ষা ও দৈনন্দিন জীবনে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ এএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

The Daily Sarod |