শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার

ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 9:15 pm

ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায় ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। মাত্র তিন দিনের প্রশিক্ষণ নিতে গিয়ে একজন প্রশিক্ষণার্থীকে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের খোঁজ নিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কেন্দ্রটি আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁদের কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে, কেউ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দিয়েছেন কি না এবং প্রশিক্ষণ নিতে গিয়ে কী ধরনের হয়রানির শিকার হচ্ছেন—এসব বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। এদিকে তাঁর আকস্মিক উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে কেন্দ্র এলাকায় অবস্থানরত কয়েকজন দালাল দ্রুত সরে পড়ে বলে জানা গেছে।
পরিদর্শন শেষে সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে ঘিরে দালালচক্রের তৎপরতা ও নানা অনিয়মের অভিযোগ পাচ্ছেন তিনি। বিশেষ করে বিদেশগামী ব্যক্তিদের মাত্র তিন দিনের প্রশিক্ষণ গ্রহণের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ অনেক কষ্টে টাকা-পয়সা জোগাড় করেন। তাঁদের সেই অসহায়ত্বকে পুঁজি করে প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে এসে সাধারণ মানুষ দালালদের হাতে জিম্মি হবেন, তা হতে দেওয়া যায় না। এ ধরনের দালালি, অনিয়ম ও হয়রানি বন্ধ করতে হবে।
বিদেশগামী প্রশিক্ষণার্থী এবং ভবিষ্যতে প্রশিক্ষণ নিতে আসা ব্যক্তিদের উদ্দেশে তিনি নিজের মোবাইল নম্বর দিয়ে বলেন, ‘আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি, এটি সবার জন্য উন্মুক্ত। প্রশিক্ষণ নিতে এসে কোনো দালাল টাকা দাবি করলে কিংবা নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা চাইলে সরাসরি আমাকে ফোন করবেন। কোনো কারণে ফোনে না পেলে জেলা পরিষদ কার্যালয়ে চলে আসবেন। আপনাদের অভিযোগ শোনার জন্য আমার দরজা সব সময় খোলা।’
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দালালচক্রের হাতে জিম্মি না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রশিক্ষণের নামে অতিরিক্ত অর্থ আদায় ও প্রশিক্ষণার্থীদের হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ বিষয়ে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাবিলা নুঝাত জানান এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিরাজুল ইসলামের এই আকস্মিক পরিদর্শনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা, নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়ের অভিযোগ এবং দালালচক্রের তৎপরতা বন্ধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রশিক্ষণার্থী ও সচেতন মহল।

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

The Daily Sarod |