পোশাক-শ্রমিক আন্দোলন, সংঘর্ষ, ভাঙচুর, ৪১৪ কারখানায় ছুটি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:27 am

পোশাক-শ্রমিক আন্দোলন, সংঘর্ষ, ভাঙচুর, ৪১৪ কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনে গড়িয়েছে। গতকাল সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। কোথাও পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, কোথাও যানবাহনে আগুন দেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে দুই শিল্প এলাকার অন্তত ৪১৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে শিল্পপুলিশ সূত্রে জানা গেছে। এর মধ্যে আশুলিয়ার ২৬৪টি ও গাজীপুরের অন্তত ১৫০টি কারখানা রয়েছে।
এদিকে রাজধানীর মিরপুরে সড়কে নামার চেষ্টা করেছেন শ্রমিকেরা। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এ ছাড়া নারায়ণগঞ্জে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর ও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। কালিয়াকৈর ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে গত রোববার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপরও বিক্ষোভ অব্যাহত রাখেন শ্রমিকেরা। ওই দিন সাভার-আশুলিয়া ও গাজীপুরের আড়াই শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সাভারের আশুলিয়া ও জিলানি এলাকায় ৬৭৯টি কারখানার শ্রমিকেরা কাজ না করে বের হয়ে যান। এর মধ্যে মিরপুর এলাকায় ৬৫টি, গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৩৮২টি, সাভারের আশুলিয়া ও জিলানি এলাকার ২২৩টি এবং নারায়ণগঞ্জের ৯টি কারখানা রয়েছে। এর আগে রোববার ৫২৯টি কারখানার শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে যান বলে জানিয়েছে বিজিএমইএ।
গাজীপুরে গতকাল আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্যান্য ক্ষয়ক্ষতির ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় মামলাগুলো করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিন মামলায় প্রায় তিন হাজার ছয়শ জনকে আসামি করা হয়েছে। এর আগে রোববারের ঘটনায় আরও দুটি মামলা করা হয়। এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১০:২৭ এএম | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

The Daily Sarod |