মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী তৈরি পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।
জানা গেছে, রোববার সকাল ৮টা থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। মিরপুর-১০ এর গোলচত্বর থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে। এ সময় আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। একপর্যায়ে মিরপুর-১১ তে মেট্রো স্টেশনের নিছে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. শাহজাহান শিকদার জানান, গাড়ির আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা গাড়ির গ্লাস ভাংচুর করে।
এদিকে, নিরাপত্তার কারণে মিরপুর-১০, ১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর–১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের কয়েকটি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় ও ভোগড়া বাইপাস।