অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 10:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে ভূয়া পিবিআই পুলিশ পরিচয়ধারী এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার (৪ অক্টোবর ) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে তাকে আটক করে স্থানীয় লোকজন। শরীফ উদ্দিন রেজভী উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। আটকের পর পুলিশ পরিচয়ে প্রতারনা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কথা পুলিশের নিকট স্বীকার করে শরীফ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরীফ উদ্দিন যে কোনো উপায়ে বিভিন্ন মামলার কপির ছবি মোবাইলে ধারন করে এগুলোকে প্রিন্ট করে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামের মামলার বাদী এবং বিবাদীর কাছে যায়। মামলার কপি দেখিয়ে বলে সে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন ( পিআইবি ) পুলিশ সদস্য পরিচয় দিয়ে বাদী এবং বিবাদীদের পক্ষে মামলার রিপোর্ট দেয়ার নামে টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিতো।
রোববার বিকেলেও কসবা উপজেলার শ্যামবাড়ী গ্রামে একটি মামলার কপি নিয়ে আসে। তার পরনে ছিলো পুলিশের নেভী ব্লূ প্যান্ট ও বুট জুতা । শ্যামবাড়ী গ্রামে গিয়ে একটি দোকানের সামনে একজনের ঠিকানা খোঁজ করতে থাকে। তখন সেখানে উপস্থিত ছিলেন ওই গ্রামের বাসিন্দা নয়ন নাজির নামে একজন আইনজীবী ও স্থানীয় লোকজন।
ওই আইনজীবীর কাছে তার কথা-বার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। তখন আইনজীবীসহ উপস্থিত লোকজন তার পরিচয় জানতে চায়। এসময় প্রতারক শরীফ উদ্দিন রেজভী নিজেকে পিআইবি পুলিশ সদস্য দাবী করে। উপস্থিত লোকজন তার পরিচয় পত্র দেখাতে বলে। সে পরিচয় পত্র দেখাতে পারেনি। তার প্রতি লোকজনের সন্দেহ বেড়ে যায়।
লোকজন উত্তেজিত হলে ভয়ে সে নিজেকে আদালতের এক আইনজীবীর মুহুরী দাবী করে। ওই আইনজীবীর সাথে আইনজীবী নয়ন নাজির প্রতিদিন দেখা হয়। এই নামে ওই আইনজীবীর কোনো মুহুরী নেই। মুহুরী কার্ড দেখতে চাইলে শরীফ উদ্দিন কম্পিউটারে বানানো একটি ভূয়া মুহুরী আইডি কার্ড দেখায়।
উপস্থিত লোকজন আরও উত্তেজিত হয়ে উঠলে তখন শরীফ উদ্দিন স্থানীয় জনতার নিকট স্বীকার করে সে আদালত থেকে বিভিন্ন মামলার ছবি তুলে এগুলোকে প্রিন্ট করে বাদী এবং বিবাদীদের বাড়ীতে গিয়ে তাদের মামলার জিতিয়ে দেয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়। তার স্বীকারোক্তির পর লোকজন কসবা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, বিকেলে উপজেলার শ্যামবাড়ী গ্রামে পুলিশ পরিচয়ে প্রতারনা করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয় শরীফ উদ্দিন রেজভী নামে এক যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিযে আসে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
Posted ১০:৪৮ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya