অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 1:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বর্তমানে মোমেন গ্রুপের আধিপত্য রয়েছে গ্রামে। তাদেরকে বিতাড়িত করে এলাকা দখলে নেয়ার জন্য ভোররাতে মোমেন গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ায় মোক্তার গ্রুপের লোকজন। এই সংঘর্ষে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা থেকে লোক ভাড়া করে আনেন মোক্তার। সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য মোক্তার গ্রুপের লোকজন চেয়েছিল মোমেন গ্রুপের লোকজনদের গ্রাম থেকে বের করে দিতে। সেজন্যই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর নিহত জুয়েল মোক্তার গ্রুপের হয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Posted ১:৪৬ পিএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya