অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 12:05 am
আজ শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। অন্যায়, অত্যাচার ও অধর্মের বিরুদ্ধে ন্যায়, সত্য ও মানবতার প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।
জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে দিনভর পূজা-অর্চনা, গীতাপাঠ, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, ভজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেক মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মলীলাকে কেন্দ্র করে বিশেষ আয়োজনও করা হয়েছে।
ধর্মীয় রীতি অনুযায়ী, ভক্তরা উপবাস, প্রার্থনা ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি পালন করবেন। রাত ১২টায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণে বিশেষ পূজা ও আরতি অনুষ্ঠিত হবে। কোথাও কোথাও শিশু-কিশোরদের অংশগ্রহণে কৃষ্ণের বাল্যলীলা ও ধর্মীয় বিভিন্ন আচার তুলে ধরা হবে।
ব্রাহ্মণবাড়িয়াতেও বিভিন্ন মন্দির ও সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমী পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা, পূজা-অর্চনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্তদের প্রত্যাশা, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ থেকে হিংসা, হানাহানি ও অসত্য দূর হবে এবং প্রতিষ্ঠিত হবে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ।
Posted ১২:০৫ এএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya