পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 5:56 pm

পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘাত: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠারে বাধা দেয়ার পর পুলিশ কর্তৃক মাদরাসা শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) তাদেরকে প্রত্যার করা হয়। এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জেলা পুলিশের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দিয়ে ভাঙচুর করে মাদরাসা শিক্ষার্থীরা৷ এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ২০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়ায় আগমন উপলক্ষে গতকাল রাতে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। তবে ডিআইজি অনুষ্ঠান উপভোগ করে চলে যাওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলছিল। অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো নিয়ে পার্শ্ববর্তী জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে গিয়ে গানের উচ্চস্বর কমাতে বলে। এ নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভিতরে প্রবেশ করলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইন্সে গত রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্বের সাথে নিয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্স গেট এবং কম্পাউন্ড ডিউটিতে বিচ্যুতির অভিযোগে তিনজন পুলিশ সদস্যকে সকল ধরণের দায়িত্ব থেকে প্রত্যাহার পূর্বক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ঘটনা তদন্তে গঠিত কমিটির দেয়া প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৬ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

The Daily Sarod |