নরসিংদী থেকে লোক ভাড়া করে নবীনগরে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:45 pm

নরসিংদী থেকে লোক ভাড়া করে নবীনগরে গোলাগুলি, দুইজন গুলিবিদ্ধ
নবীনগরে পূর্ববিরোধের জেরে দুইপক্ষের গোলাগুলিতে ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফুল মিয়া চরলাপাং গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। পুলিশের দাবি, নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে একপক্ষ গোলাগুলির ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণের সময় ওই গ্রামের বাসিন্দা অহিদ মিয়া বাধা দেয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সাথে তার বিরোধ চলে আসছিল। সম্প্রতি সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। নির্মাণের পর গ্রামের মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় হাল চাষ দেয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হবার শঙ্কায় অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল মিয়া ক্ষুব্ধ হন। এর জের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুর উপজেলার মির্জারচর গ্রাম থেকে লোকজন ভাড়া করে এনে চরলাপাং গ্রামে হামলা চালায়। এ সময় ফুল মিয়া ও উম্মে হানি নামের দুইজন গুলিবিদ্ধ হন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির খবর পেয়েছি। এক পক্ষ নরসিংদী থেকে লোক ভাড়া করে এনেছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছ।
Facebook Comments Box

Posted ৬:৪৫ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

The Daily Sarod |