নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 5:01 pm
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উদ্ধার করা প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ব্রাহ্মণবাড়িয়ার ৬০ বিজিবি ব্যাটালিয়ন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লাস্থ বিজিবির ১০ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
বিজিবি জানায়, গত ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিজিবির ৬০ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলোমে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১৭ হাজার ৩১১ কেজি গাঁজা, ১ লাখ ৩৫ হাজার ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৯৬৪ বোতল ভারতীয় হুইস্কি, ২৫ হাজার ২৭ বোতল ইস্কফ সিরাপ, ১০ হাজার ২৯৪ বোতল ফেনসিডিল, ৯ হাজার ১৪৫ ক্যান/বোতল বিয়ার, বিপুল পরিমাণ মাদকজাত ট্যাবলেট এবং ৩০ হাজান ৫০ প্যাকেট সিগারেট। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
প্রধান অতিথি বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদকমুক্ত দেশ গড়তে সীমান্তে মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। বিজিবি সদস্যরা সীমান্তে মাদক, পণ্য চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
Posted ৫:০১ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya