সুইজারল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানের হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার (১২ জুলাই) কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। ম্যাচের মাত্র ১০ মিনিটেই গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
তবে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।
মূলত, অতিরিক্ত সময়ের শুরু থেকেই সুইস রক্ষণে অবরোধ তৈরি করে আর্জেন্টিনা। ৯৩ মিনিটে থিয়াগো আলমাদার শট দারুণভাবে বাঁচান কোবেল। ৯৫ মিনিটে আলমাদার আরেকটি জোরালো প্রচেষ্টা সাইড নেটে লাগে। ১০৪ মিনিটে মেসির ফ্রি-কিক প্রতিহত করে সুইস দেয়াল। প্রথম অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
শেষ ১৫ মিনিটে জয়ের মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। অবশেষে ১১২ মিনিটে জাদুকরী মুহূর্ত এনে দেন হুলিয়ান আলভারেস। বাঁ দিক থেকে ভেতরে কেটে এসে অসাধারণ বাঁকানো শটে কোবেলকে পরাস্ত করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
যদিও গোল হজমের পর সব শক্তি নিয়ে আক্রমণে ওঠে সুইজারল্যান্ড। তবে লিসান্দ্রো মার্তিনেস ও এমিলিয়ানো মার্তিনেসের দৃঢ় রক্ষণে বারবার ব্যর্থ হয় তারা।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচের শেষ পেরেকটি ঠুকে দেন লাউতারো মার্তিনেস। মেসির নিখুঁত পাস ধরে গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন বদলি হয়ে নামা এই স্ট্রাইকার।