সরাইলে সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 11:07 pm

সরাইলে সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। আজ সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লক্ষ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম নামে একজন নিহত হন। এ ঘটনার জেরে আজ সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে তিনি আহত হন।
ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে৷ সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তবে গতকালের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনও থানায় কেউ মামলার এজহার নিয়ে আসেনি।

Facebook Comments Box

Posted ১১:০৭ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬

dainiksarod |