কয়েকশ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা। মাত্র ৪ দিনেই জমা পড়েছে ১৭ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া দানবক্সে মিলেছে স্বর্ণ ও বিদেশি মুদ্রা। আজ সোমবার (২২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও ওয়াকফ এস্টেটের তত্ত্বাবধানে টাকা গণনা হয়।
মূলত, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নির্দেশে মাজারের দানবাক্সের টাকা গণনা হয়।
সিলেটের ওয়াকফ ওডিটর মো. সজল মিয়া জানান, গত বৃহস্পতিবার বিকেলে মাজারে দানবাক্স বাসানো হয়। আজ দুপুরে দানবাক্স খোলার আগপর্যন্ত জমা পড়েছে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এছাড়া দানবাক্সে ৭ আনা স্বর্ণালঙ্কার ও কিছু বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয় বলে জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগ সিলগালা করে জেলা প্রশাসন।
মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার কথা বলে ডেগ সিলাগালা করে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়। তবে এ নিয়ে মাজার সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।