অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 10:46 am
অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ আকাঙ্খা পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ১৬৭টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে মাত্র ৫৯টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। গতকাল সোমবার (৪ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ভারতের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
মোট ১৪৮টি আসন পেলে সরকার গঠন করতে পারবে যেকোনো দল, ফলে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো পশশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, তারা গত তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে বিজেপিকেই বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন। এতে মমতার ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
এদিকে নিজের আসন ভবানীপুরেও হেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ ১৮তম রাউন্ডে তৃণমূল কংগ্রেসের এই নেত্রী এ আসনে ভোট পেয়েছেন ৫৫ হাজার ৭৮২।
অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ৬৬ হাজার ৭৮৫ ভোট। মমতার চেয়ে ১১ হাজার ৩ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।
আরেকটি আসন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। সেখানে তার বিরুদ্ধে বিজেপি থেকে পদত্যাগ করা পবিত্র করকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই কৌশল কার্যত ব্যর্থ হয়ে গেল। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১০ হাজারের বেশি।
Posted ১০:৪৪ এএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya