অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট : 12:15 pm
একাধিক নাটকে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন তৌসিফ মাহবুব ও অর্চিতা স্পর্শিয়া। দুইজনের অভিনয় জগতে পা রাখাও প্রায় একই সময়ে। পর্দার বাইরেও তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। তবে ২০১৬ সালের পর আর একসঙ্গে একক নাটকে দেখা যায়নি দুই তারকাকে। দীর্ঘ বিরতির পর গত বছরের শেষ দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫–এ একসঙ্গে দেখা মিললেও এবার প্রায় এক দশক পর আবার একক নাটকে জুটি বাঁধলেন তারা।
তৌসিফ ও স্পর্শিয়াকে নিয়ে নতুন এই নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসেন রাখি। যদিও এখনো নাটকের নাম চূড়ান্ত হয়নি। নির্মাতা জানিয়েছেন, একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকের চিত্রনাট্য। কোরবানির ঈদ উপলক্ষে নাটকটি প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। বর্তমানে চলছে শুটিং।
দীর্ঘদিন পর তৌসিফের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমাদের ক্যারিয়ার প্রায় একই সময়ে শুরু হয়েছে। সে সময় ধারাবাহিক ও একক নাটক মিলিয়ে অনেক কাজ করেছি একসঙ্গে। অভিনয়শিল্পী হিসেবে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। তবে মাঝখানে অনেক দিন আমি নাটকে অভিনয় করিনি। এখন আবার নাটকে ফিরেছি এবং তৌসিফের সঙ্গে কাজ করছি। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছি। এবার প্রায় ১০ বছর পর একক নাটকে কাজ করছি। তাই নাটকটি আমার কাছে খুবই বিশেষ। এত দিন পর কাজ করলেও আমাদের বোঝাপড়ায় কোনো সমস্যা হচ্ছে না। বরং সময়ের সঙ্গে আমরা আরও পেশাদার হয়েছি।’
এদিকে তৌসিফ মাহবুব বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমরা অনেক নাটকে একসঙ্গে কাজ করেছি। কিন্তু ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ হয়নি। প্রায় ১০ বছর পর আবার একসঙ্গে অভিনয় করছি এটা খুব ভালো লাগছে। স্পর্শিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই ভালো কারণ আমরা ক্যামেরার বাইরেও ভালো বন্ধু।’
Posted ১২:১৫ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya