শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

পশ্চিমবঙ্গে ইশতেহারে দলগুলি যে প্রতিশ্রুতি দিলো

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 10:26 am

পশ্চিমবঙ্গে ইশতেহারে দলগুলি যে প্রতিশ্রুতি দিলো

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল জনমোহিনী প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলো। ভাতায় সবচেয়ে বেশি গুরুত্ব। রাজ্য বিধানসভা ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে। ভোটারদের মন জয় করতে রাজনৈতিক দলগুলির ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

তৃণমূলের প্রতিজ্ঞা
শাসক দল তৃণমূলের নির্বাচনী ইশতেহারে ১০টি প্রতিজ্ঞা জনতার সামনে রাখা হয়েছে। এর নাম ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা।’
মমতার প্রতিশ্রুতি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজীবন পাবেন নারীরা। এখন প্রতি মাসে দেড় হাজার টাকা দেয়া হয়। এসসি-এসটি হলে ১৭০০ টাকা।

ইতিমধ্যেই কার্যকর হয়ে যাওয়া যুবসাথী প্রকল্পের কথাও রয়েছে ইস্তাহারে। ২১ থেকে ৪০ বছর বয়সী যুবদের দেয়া হচ্ছে মাসে দেড় হাজার টাকা অর্থাৎ বছরে ১৮ হাজার। ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেটের কথা বলা হয়েছে। ভূমিহীন কৃষকদের সহায়তা দেয়া ছাড়া নানাভাবে কৃষিজীবীর পাশে থাকার কথা বলেছে তৃণমূল। তৃণমূল ফের ক্ষমতায় এলে শুরু হবে দুয়ারে চিকিৎসা প্রকল্প। রাজ্যের প্রতিটি ব্লক ও শহরে এই ক্যাম্প বসানো হবে। প্রবীণদের সুরক্ষা ও পরিষেবার ক্ষেত্রে উদ্যোগী হবে সরকার।
প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নতুন সাত জেলা ও আরো পুরসভা গঠন, যাতে নাগরিক পরিষেবার উন্নতি হয়। এছাড়া পাকা বাড়ি, পরিস্রুত জলের প্রতিজ্ঞা তৃণমূলের। এবার তৃণমূলের চমক, প্রতিটি বিধানসভায় আলাদা আলাদা প্রতিজ্ঞা স্তম্ভ। সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের প্রার্থী কী কাজ করবেন, সেটা তুলে ধরা হচ্ছে এই স্তম্ভে।

বিজেপির প্রতিশ্রুতি
বিজেপির ইশতেহারে ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। প্রকল্পের নাম বলা না হলেও নারীদের মাসিক ভাতা এখনকার তুলনায় দ্বিগুণ অর্থাৎ তিন হাজার টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। নারীদের সুরক্ষার জন্য গড়ে তোলা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে তাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন নারীরা। তারা পাবেন প্রসূতিকালীন ভাতা। ক্যানসার চিকিৎসার ক্ষেত্রেও পাবেন সহায়তা।
নারীদের মতো যুবদের ক্ষেত্রেও ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে অর্থাৎ মাসে দেড় হাজার থেকে তিন হাজার টাকা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ হাজার টাকা দেয়া হবে এককালীন। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুব সমাজকে স্বনির্ভর করা হবে।
আয়ুষ্মান ভারত সহ যে কেন্দ্রীয় প্রকল্প এর রাজ্যের কার্যকর হয়নি সেগুলি চালু হবে। অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স নীতি নেবে বিজেপি। এক্ষেত্রে ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট নীতির পক্ষে তারা। ছয় মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা বলা হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা প্রাপ্তি নিশ্চিত করতে সরকার তৈরি হওয়ার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। চলতি ভোট প্রচারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মুখে মাছের প্রসঙ্গ বারবার ফিরে আসছে। বিজেপির প্রতিশ্রুতি তারা মৎস্য শিল্পে আরো জোর দেবে, তৈরি হবে রপ্তানি হাব।

বাম ও কংগ্রেস
বামেদের ইস্তাহারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান ও শিল্পায়ন। প্রতি পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেয়া হবে। দরিদ্র মানুষের জন্য ৬০০ টাকা দৈনিক মজুরিতে বছরে নির্দিষ্ট দিন কাজের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে সব সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৭০০ টাকা করা, শিক্ষায় রাজ্য বাজেটের ২০ শতাংশ ও স্বাস্থ্যের ১০ শতাংশ বরাদ্দ, যারা আয়কর দেন না তাদের ক্ষেত্রে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এছাড়া নিয়োগ দুর্নীতিতে কমিশন গঠন থেকে শুরু করে আরজি করে নিহত চিকিৎসক, কালীগঞ্জে বোমার আঘাতে নিহত নাবালিকার জন্য সুবিচারের কথা বলা হয়েছে।
বামেদের ইশতেহারে ভাতার কথা না থাকলেও কংগ্রেসের ক্ষেত্রে আছে। তারা লক্ষ্মীর ভাণ্ডারের বদলে ‘দুর্গা সম্মান’ প্রকল্প আনার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ১৮ থেকে ৫৯ বছর বয়সী নারীদের মাসে ২০০০ টাকা ভাতা দেয়া হবে।
মূলত পাঁচটি বিষয়ের কথা ইশতেহারে বলেছে কংগ্রেস। নারী সুরক্ষা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান। অভয়া নারী সুরক্ষা আইন প্রণয়ন করে কংগ্রেস ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের কথা বলেছে। রাহুল গান্ধীর দলের ঘোষণা, তারা ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেবে। পাশাপাশি ক্যানসার চিকিৎসা ও ডায়ালিসের ব্যবস্থা করা হবে বিনামূল্যে।

ভাতা দেয়ার প্রতিযোগিতা
এবারের ভোটে জনতার মন কাড়তে বিজেপি ভাতা দ্বিগুণ করার কথা বলেছে। কেন এই কৌশল? অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর পশ্চিমবঙ্গ শাখার সঞ্চালক উজ্জয়িনী হালিম ডিডাব্লিউকে বলেন, “যখন উন্নয়ন দিয়ে ভোট টানা কঠিন হয়, তখন দলগুলো সহজ রাস্তা নেয়। তাই ভাতা এখন শুধু কল্যাণমূলক প্রকল্প না, সরাসরি ভোট-কৌশল। নানা ভাতার মাধ্যমে মানুষের হাতে মাসে মাসে সরাসরি টাকা দিলে তার ‘সুফল’ সরাসরি ভোট বাক্সে দেখা যাবে, এ নিয়ে শাসক বা বিরোধী কোনো দলেরই ভিন্নমত নেই, নেই ভিন্ন পথ। এর সঙ্গে মেরুকরণের ককটেল যে অসুস্থ আর্থসামাজিক পরিবেশ তৈরি করে চলেছে, তার কুপ্রভাব সুদূরপ্রসারী।”
এমনিই ঋণের ভারে জর্জরিত রাজ্যের কোষাগারে এত টাকা আসবে কোথা থেকে? উজ্জয়িনীর মতে, “২০২৫-২৬ অর্থবছরে পশ্চিমবঙ্গের বাজেটে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি। ঋণের বোঝা প্রায় সাত লক্ষ কোটি। ভাতা বাড়াতে গেলে কেন্দ্রের অনুদান বা বিশেষ প্যাকেজ দরকার। কর বৃদ্ধি বা নতুন সেস বসানো দরকার, যা জনপ্রিয় পথ নয়। তা হলে অন্য খাতের বরাদ্দ ছাঁটাই করতে হবে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ইত্যাদি। এই দুষ্ট চক্রে পড়লে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা ক্রমে আরও কঠিন হবে। দরিদ্র মানুষের জন্য সেফটি নেট নিশ্চয়ই দরকার। কিন্তু, শুধু ভাতা-নির্ভর অর্থনীতি হলে রাজ্য এক সময়ে ‘রেভিনিউ স্টেট’ থেকে ‘ডেট স্টেট’ হয়ে যাবে।

নারীকে পাওয়ার লড়াই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সাফল্যের পিছনে দুটো ‘ম’-এর ভূমিকা সবচেয়ে বেশি বলে অধিকাংশ পর্যবেক্ষকের মত। মুসলিম ও মহিলা অর্থাৎ নারী। এই দ্বিতীয় পক্ষের মন জয়ে চেষ্টার কসুর করছে না বিজেপি।
এই পরিস্থিতিতে শাসক-বিরোধী উভয়ের দিকে আঙুল তুলে সমাজকর্মী, অধ্যাপক শাশ্বতী ঘোষ ডিডাব্লিউকে বলেন, “নারী ভোটারদের নিয়ে সবাই এত মাথা ঘামাচ্ছেন বলে দেখা যাচ্ছে, কিন্তু আমার উল্টো চিন্তা হচ্ছে। সেটা হল, এসআইআরে এত নারী বাদ গেলেন কেন? বিহারের ক্ষেত্রে ৬০ শতাংশ নারীর নাম বাদ গিয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৫০ শতাংশের বেশিই হবে। দিল্লিতে ‘আপ’-এর রাজত্বের সময় থেকে মনে হচ্ছে, নারীরা কিছু পাওয়ার জন্য লোভীর মতো বসে আছেন। তাদের কিছু উপঢৌকন, সুবিধা দিলে ভুলিয়ে-ভালিয়ে ভোটটা আদায় করে নেয়া যায়। এই মনোভাব ছেড়ে যদি দলগুলি নারীকে প্রকৃত নাগরিক ভাবত, তাহলে তাদের ভোট দেয়ার ব্যবস্থা করতে। রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও সেটা নারীরা কি ভালো চোখে দেখবেন? এই প্রশ্নটা হয়তো আম নারীর মনে নেই যে, তাদের একটা বড় অংশ তো ভোট দেয়ারই সুযোগ পাচ্ছেন না, শুধু তাদের নাকের সামনে গাজর ঝোলাচ্ছে রাজনৈতিক দলগুলি।”
এক্ষেত্রে তৃণমূলের ভূমিকার সমালোচনা করে শাশ্বতী বলেন, “নারীরা যে দলকে ভোট দিচ্ছেন, সেই নেতৃত্ব ভাতা বা অন্য সুবিধা দেয়ার আগে দেখতে পারতেন, নারীরা সবাই ভোট দিতে পারবেন কি না। এক্ষেত্রে তাদের তদ্বির করা বেশি জরুরি ছিল, সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করাকে তদ্বির বলে আমি মনে করি না। ভোটার তালিকায় নাম তুলতে কী কী কাগজ লাগবে, সেটা বিহারের অভিজ্ঞতা দেখিয়েছে। ঘরে ঘরে নারীদের সেই নথি তৈরি করার ক্ষেত্রে ব্যবস্থা করা উচিত ছিল।”

পরিবেশের ভাবনা নেই
এবারেও পরিবেশ নিয়ে ভাবনার তেমন প্রতিফলন নেই রাজনৈতিক দলগুলির ইশতেহারে। এর কারণ ব্যাখ্যা করে পরিবেশ সাংবাদিক জয়ন্ত বসু ডিডাব্লিউকে বলেন, “পরিবেশ বিষয়টা এখনো সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে ডিসকোর্স, তার সঙ্গে যুক্ত হতে পারেনি। তাই রাজনৈতিক দলগুলি মনে করে না, পরিবেশের প্রশ্নে তারা সওয়াল করলে তাদের ভোট বাড়বে। যারা পরিবেশের নিয়ম ভাঙেন, তারা বিশাল ধনী বা অত্যন্ত গরিব মানুষ। তাদের স্বার্থের সঙ্গে অনেক রাজনৈতিক নেতা-নেত্রীর স্বার্থ জড়িয়ে থাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেই স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে। বেআইনিভাবে বালি তোলা, বালি খাদান, বেআইনি নির্মাণ, জলা ভরাট থেকে মাইক বাজানো, যে কোনোভাবে যারা আইন ভাঙেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত।”
রাজনৈতিক নেতৃত্বকে এজন্য দায়ী করেন তিনি। বলেন, “আমাদের রাজনীতিতে দীর্ঘমেয়াদি ভাবনা নেই। রাজনীতিকরা আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন জিততে চাইছেন। তার পরের পাঁচ বছর, তার পরের ১০ বছরের কথা ভাবছেন না। তাই তারা মনে করেন, পরিবেশের বিপক্ষে থাকলে খুব চটজলদি তার ফল পাওয়া যাবে। আমাদের নেতৃত্ব শর্ট টার্ম ডিভিডেন্ডে বিশ্বাস করেন বলে তারা পরিবেশ নিয়ে মাথা ঘামান না।”

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১০:২৬ এএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

The Daily Sarod |